আবিদালের ক্যারিয়ার শেষ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসারের সঙ্গে লড়াইটায় একরকম হারই হয়তো অপেক্ষা করছে এরিক আবিদালের জন্য। গত বছর মার্চে যকৃতের টিউমার অপসারণ করে আবারও ফিরেছিলেন মাঠে। আবিদালের এই প্রত্যাবর্তনে অনুপ্রাণিত বার্সেলোনা চ্যাম্পিয়নস লিগের ট্রফি উৎসর্গ করেছিল তাঁকেই। এই মৌসুমেও দারুণ খেলছিলেন। কিন্তু কদিন আগে জানানো হলো, যকৃৎ প্রতিস্থাপন করাতে হচ্ছে ফরাসি ডিফেন্ডারকে। আর তা করা হলে ফুটবল মাঠ আবারও দাপিয়ে বেড়ানো হয়তো সম্ভব হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা।স্পেনের অঙ্গ প্রতিস্থাপন সংস্থার প্রধান রাফায়েল মাতেসাঞ্জ বলেছেন, ‘সবকিছুই ভালোয় ভালোই শেষ হলে সে আবারও সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে খেলতেও পারে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, প্রতিস্থাপন হলে ওই স্থানটি আপনি সব ধরনের আঘাত থেকে মুক্ত রাখবেন। কিন্তু ফুটবলে শারীরিক সংঘর্ষ প্রায়ই ঘটে।’ এএফপি।আন্তর্জাতিকভাবেও সুখ্যাত এই চিকিৎসক বলেছেন, জীবনের বাকি সময়টাতেই ওষুধ আর চিকিৎসকের সার্বিক তত্ত্বাবধানে থাকতে হবে আবিদালকে। অবশ্য আবিদালের শারীরিক ফিটনেস আর তাঁর মানসিক দৃঢ়তা আবারও তাঁকে ফুটবল মাঠে ফিরিয়ে আনতে পারেও বলে মনে করছেন। যদি এতে ঝুঁকি থাকবে বলেও সতর্কবার্তা মাতেসাঞ্জের।ওদিকে ফ্রান্স দলের কোচ লরাঁ ব্লাঁ বলেছেন, ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে দলের অন্যতম ভরসাকে পাওয়া যাবে কি না, এ নিয়ে তিনি চিন্তিত নন। কারণ তাঁর মতে, ফুটবলের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। তবে আবিদালের শূন্যস্থান কারও পক্ষে পূরণ করা সম্ভব নয় মন্তব্য করে পেপ গার্দিওলা বলেছেন, তাঁর আশা পুরো সুস্থ হয়েই আবার মাঠে ফিরবেন রক্ষণভাগের এই সেনানী।