মাঠে না থেকেও ছিলেন এরিক আবিদাল। যকৃৎ প্রতিস্থাপনের জন্য অস্ত্রোপচারের অপেক্ষায় বার্সেলোনার ফরাসি ডিফেন্ডার। তার আগেই চিকিৎসকেরা শুনিয়েছেন শঙ্কার খবর, হয়তো শেষ হয়ে যেতে পারে তাঁর ফুটবল ক্যারিয়ারই। তাঁর প্রতি ভালোবাসার নিদর্শনস্বরূপই ম্যাচটি জিততে চেয়েছিল বার্সেলোনা। সেভিয়াকে পরশু ২-০ গোলে হারানো বার্সার ম্যাচটি হয়ে থাকল ‘আবিদালের ম্যাচ’। দলের প্রতিনিধি হয়ে গোলরক্ষক ভিক্টর ভালদেজ দিয়েছেন ঘোষণাটা, ‘এই জয়টা আবিদালের জন্য।’ আবিদালের ম্যাচে বার্সার জয়ের নায়ক জাভি ও লিওনেল মেসি।১৮ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে বার্সাকে প্রথম এগিয়ে দেন জাভি। ৭ মিনিট পরই গোল করেন মেসি, দুরূহ কোণ থেকে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে চিপ করে অসাধারণ এক গোল। বার্সেলোনার জয় নিশ্চিত করা গোলে মেসি ছুঁয়েছেন একটা ব্যক্তিগত মাইলফলকও। বার্সেলোনার হয়ে লিগে এটি তাঁর ১৫০তম গোল। এই জয়ে প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান ১০ থেকে আপাতত সাতে নামিয়ে এনেছে বটে। কিন্তু কোচ পেপ গার্দিওলা যেন হাল ছেড়ে দেওয়া এক নাবিক।এত দিন ‘আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাব’ বললেও পরশু গার্দিওলা একরকম হাতই তুলে ফেললেন, ‘লিগের কথা ভুলে যান। আমরা শিরোপা জিততে যাচ্ছি না।’ যদিও জেরার্ড পিকে, ভালদেজরা শেষ পর্যন্ত লড়াইয়ের ঘোষণাই দিয়ে গেলেন।আবিদালের কারণেই বার্সার জয়টির আলাদা গুরুত্ব। নয়তো ইউরোপিয়ান ফুটবলে পরশুর রাতটি ছিল বায়ার্ন মিউনিখ আর আরিয়েন রোবেনের। ডাচ তারকা করেছেন হ্যাটট্রিক। হার্থা বার্লিনকে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। এই নিয়ে গত তিন ম্যাচে ২০ গোল করল বায়ার্ন। আর এই তিন ম্যাচে রোবেনের গোল হলো সাতটি। তাঁর চেয়েও একটি বেশি মারিও গোমেজের। পরশুর গোল-উৎসবে গোমেজও করেছেন একটি গোল। অন্য গোল দুটি করেছেন টমাস মুলার ও টনি ক্রুস। এ জয়ের পরও বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ৫ পয়েন্টে পিছিয়ে বায়ার্ন। কারণ ঘরের মাঠে ডর্টমুন্ড ১-০ গোলে হারিয়েছে ভেরডার ব্রেমেনকে।ইতালিয়ান সিরি ‘আ’তে ৪ পয়েন্টের ব্যবধানটা ধরে রেখেছে এসি মিলান। ইব্রাহিমোভিচ ও ইমানুয়েলসনের গোলে পার্মার মাঠ থেকে ২-০ গোলে জিতে ফিরেছে মাসিমিলিয়ানো অ্যালেগ্রির দল। অন্য ম্যাচে ফিওরেন্টিনাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে জুভেন্টাস। ২৮ ম্যাচে মিলানের পয়েন্ট ৬০, জুভেন্টাসের ৫৬। এএফপি, রয়টার্স।