আবুধাবিতে প্রথম দিনটা পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার উইকেট পতনে পাকিস্তানের উল্লাস। ছবি: ওয়েবসাইট
শ্রীলঙ্কার উইকেট পতনে পাকিস্তানের উল্লাস। ছবি: ওয়েবসাইট

প্রায় নয় মাস পর আজ টেস্ট খেলতে নেমেছে শ্রীলঙ্কা। ‘দীর্ঘদিন’ টেস্টের বাইরে থেকে কী মরচে পড়েছে অ্যাঞ্জেলো ম্যাথুসের দলের? আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনটা বাজেই গেলো লঙ্কানদের। প্রথম ইনিংসে ২০৪ রানে অল আউট হয়েছে শ্রীলঙ্কা। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান দিন শেষে করেছে ১ উইকেটে ৪৬।
টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটে পাঠায় পাকিস্তান। শ্রীলঙ্কার শুরুটাও হয়েছিল বেশ। উদ্বোধনী জুটিতেই আসে ৫৭ রান। জুনায়েদ খানের শিকার হয়ে করুনারত্নের বিদায় দিয়ে শুরু, আর থামাথামি নেই! দেখতে দেখতে ১২৪ রানে শ্রীলঙ্কার ৮ উইকেট হাওয়া!
উইকেট যাওয়া-আসার মিছিলের ভেতরই মাথা জাগিয়ে ছিলেন অধিনায়ক ম্যাথুস। সাঈদ আজমলের বলে আউট হওয়ার আগে একাই লড়াই চালিয়েছেন। কিন্তু সতীর্থরা যখন আত্মসমপর্ণ করেন, তখন একার পক্ষে দুর্গ সামলানো সম্ভব হয় না। ম্যাথুসও পারেননি। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় শতক থেকে ৯ রান দূরে থেকেই বিরসবদনে ফিরতে হয়েছে সাজঘরে।
৬৫ ওভারে ২০৪ রানে অলআউট হয়েছে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার ‘সর্বনাশে’র পেছনে বড় ভূমিকা পালন করেছেন পাকিস্তানের তরুণ পেসার জুনায়েদ খান ও বিলওয়াল ভাট্টি। জুনায়েদ ৫৮ রানে তুলে নিয়েছেন ৫ উইকেট। এছাড়া বিলওয়াল ভাট্টি তিনটি ও সাঈদ আজমল নিয়েছেন দুটি উইকেট। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পাকিস্তান ১৮.১ ওভারে তুলেছে ১ উইকেটে ৪৬। খুররাম মঞ্জুর রান আউটে কাটা পড়ার আগে করেছেন ২১। আহমেদ শেহজাদ অপরাজিত রয়েছেন ২৫ রানে। সনি সিক্স, রয়টার্স ও ওয়েবসাইট