আবুল হাসানকে নিয়ে হচ্ছেটা কী?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংকক-মেলবোর্ন-ব্যাংকক-মেলবোর্ন। না, কোনো এয়ারলাইনসের যাত্রাপথ নয়। এটা হলো পেসার আবুল হাসানের চিকিৎসা নিয়ে বিসিবির ব্যাংকক-মেলবোর্ন খেলা।

গত শ্রীলঙ্কা সফর থেকে মেরুদণ্ডের জটিল চোট নিয়ে ফেরেন আবুল হাসান, অস্ত্রোপচার ছাড়া যে সমস্যার সমাধান নেই। বিসিবির চিকিৎসকদের চিকিৎসায় কাজ না হওয়ার পর বোর্ড সভায় সিদ্ধান্ত হলো অস্ত্রোপচারের জন্য ব্যাংককে পাঠানো হবে এই পেসারকে। কিন্তু সে সিদ্ধান্ত কার্যকর না করে বিসিবির মেডিকেল কমিটি নতুন করে সিদ্ধান্ত নেয়, উন্নত চিকিৎসার জন্য তাঁকে পাঠানো হবে মেলবোর্নে। সে অনুযায়ী মেলবোর্নের মেরুদণ্ডবিষয়ক শল্যবিদ গ্রেগ মেলহামের অ্যাপয়েন্টমেন্টও নেওয়া হয়।

কিন্তু সিদ্ধান্ত বদলায় আবারও। হাসানকে অস্ট্রেলিয়া পাঠানোর নতুন প্রস্তাবে রাজি হননি বোর্ড সভাপতি নাজমুল হাসান। বিসিবির মেডিকেল কমিটির প্রধান ইসমাইল হায়দার মল্লিকের তখনকার দেওয়া ভাষ্য অনুযায়ী, সভাপতি বোর্ড সভার সিদ্ধান্তের বাইরে যেতে রাজি হননি। সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে ব্যাংককে পাঠানোরই ব্যবস্থা নিতে বলেন সভাপতি।

কাল সে সিদ্ধান্তও গেছে বদলে। ব্যক্তিগত সফর শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরে দৃশ্যপটে এবার বিসিবির ক্রিকেট পরিচালনা কমিটির প্রধান এনায়েত হোসেন। কাল টেলিফোনে তিনি বললেন, ‘রাজুর (আবুল হাসান) অপারেশনটা জটিল। এটা ব্যাংককে কতটা ভালোভাবে করা সম্ভব আমরা জানি না। কাজেই তাকে অস্ট্রেলিয়াতেই পাঠানো হবে। বোর্ড সভায় ব্যাংকক পাঠানোর সিদ্ধান্ত হলেও সিইওকে বলা হয়েছে সে সিদ্ধান্ত রিভিউ করে সভাপতির অনুমোদন নিতে। আমি নিজেও এ ব্যাপারে সভাপতির সঙ্গে কথা বলব।’

কিন্তু ব্যাংকক-মেলবোর্ন-ব্যাংকক-মেলবোর্ন করতে করতে যে প্রায় একটা বছরই হারিয়ে যাচ্ছে হাসানের ক্যারিয়ার থেকে! অস্ত্রোপচারের পর সুস্থ হতেও তো লাগবে মাস চারেক সময়! এনায়েত হোসেনের কথায় অবশ্য সান্ত্বনা পেলেও পেতে পারেন হাসান, ‘বেটার লেট দেন নেভার।’