আবুল হাসানের ভেতর-বাহির
ছোট একটা পানীয়র বোতল, মাঝ বরাবর কাটা। সেটিতেই আঙুল চুবিয়ে রেখেছেন ঠান্ডা পানিতে। ব্যাটিংয়ের সময় বল লেগে আঙুলে ব্যথা পেয়েছিলেন, তাই সেই প্রাচীন চিকিৎসা। ওভাবেই ঢুকলেন সংবাদ সম্মেলনে। সবার অভিনন্দনের জবাবে শুধু লাজুক হাসি। মাইক্রোফোনের সামনে বসে ত্রস্ত চাউনি, ইতিউতি তাকানো। বিসিবির মিডিয়া ম্যানেজার বললেন, ‘এটা কিন্তু রাজুর সংবাদ সম্মেলনেও অভিষেক।’ ‘রাজু’ যেন আরও গুটিয়ে গেলেন, চোখমুখে রাজ্যের অস্বস্তি। কে বলবে, এ মানুষটিই একটু আগে কাঁপিয়ে এসেছেন মাঠ!শুধু মাঠ কাঁপিয়ে এসেছেন বললে কমই বলা হয়। আসলে হইচই ফেলে দিয়েছেন ক্রিকেট-দুনিয়ায়। টুইটার-ফেসবুকের জগতে ঝড়, সাবেক-বর্তমান ক্রিকেটার, ধারাভাষ্যকার, বিশেষজ্ঞ থেকে আমজনতা, সবার কাছে তিনি বিস্ময়। ক্রিকেট পরিসংখ্যানবিদের ব্যস্ত সময়, শত বছরের পুরোনো রেকর্ড নিয়ে ঘাঁটাঘাঁটি। রেকর্ড বইয়ের বেশ কিছু পাতায় নাম উঠে গেছে, আরও কয়েকটিতে ওঠার অপেক্ষায়। যাঁর ব্যাটিং-শৌর্যে একটু আগে নুইয়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। এডওয়ার্ডসের বাউন্সারে তাঁর ব্যাট হয়েছে চাবুক, রহস্যময় নারাইন ছিল খোলা বই, পেরমল লাইন-লেংথের খেই হারিয়েছেন। তামিম ইকবালের কণ্ঠে তাঁকে নিয়ে মুগ্ধতা, ‘এমন কিছু শট ও খেলেছে, যেগুলো খেলতে পারলে আমিও গর্ববোধ করতাম।’ সেই তিনি, ‘রাজু’ ডাকনামের আবুল হাসান, সংবাদ সম্মেলনে এসে যেন অথই সাগরে পড়লেন। ‘উত্তাল সমুদ্রে’ ভেসে থাকতে হিমশিম খেলেন।সহজ-সাধারণ একেকটা প্রশ্নেও যেন দিশেহারা। কখনো লাজুক হাসি। পাশে বসা মিডিয়া ম্যানেজারের দিকে অসহায় চাউনি। আধঘণ্টার ব্যবধানে একই মানুষের চরিত্রে কী অদ্ভুত বৈপরীত্য। ২২ গজের আবুল হাসান আর মাইক্রোফোনের সামনে আবুল হাসান। একপর্যায়ে অসহায় স্বীকারোক্তি, এডওয়ার্ডসের বাউন্সার সামলানোর চেয়েও সংবাদ সম্মেলনে কথা বলা কঠিন! ভাবনাতীত কিছু একটা করে ফেললে বা হয়ে গেলে, কল্পনার সীমানাও যত দূর ছুঁতে পারেনি কখনো, লোকে অনেক সময় বুঝে উঠতে পারে না কী করা উচিত। যেন স্বপ্ন আর বাস্তবের দোলাচলে থাকা, বিশ্বাস আর অবিশ্বাসের মাঝামাঝি ঘুরপাক। হাসানকে দেখেও মনে হচ্ছিল এসবই। মুহূর্তটার বিশালত্বে যেন হারিয়ে গেছেন! অথচ একগাদা রেকর্ড গড়ে ফেলার কথা তিনি নিজেও জানেন না। জানানোর পরও ভাবান্তর খুব বেশি হলো না। বাবার স্বপ্ন পূরণ করে টেস্ট ক্যাপটা মাথায় তুলতে পেরেছেন, অভিষেকে সেঞ্চুরির মতো করে ফেলেছেন এতে ‘খুশি’। কিন্তু মূল কাজ তো বোলিং! ইতিহাস গড়ার মুহূর্তটা উপভোগ করায় আগ্রহ খুব একটা নেই, বোলিং নিয়ে ভাবনাটাই গুরুত্ব পাচ্ছে এখন!সংবাদ সম্মেলনের বাইরে অবশ্য কিছুটা সপ্রতিভ। হাসিটা আরেকটু চওড়া, অনুভূতিগুলোর প্রকাশ আরেকটু স্বতঃস্ফূর্ত। ‘অনেক শট দেখেই দূর থেকে তামিমের মতো লেগেছে’ কেউ একজন এটা বলতেই বললেন, ‘যে ব্যাট দিয়ে খেললাম, সেটা তো আমাকে তামিম ভাই-ই এনে দিয়েছেন। ইংল্যান্ডের ব্যাট। দেখে পছন্দ হলো, আমাকে দিয়ে দিলেন।’ নিজের কীর্তির বিশালত্ব যেমন হাসান জানেন না, জানেন না ওই ব্যাটটার মহিমাও। তাঁর ব্যাটের নাম ‘নিউ বেরি’, যে ব্যাট তৈরি হয় শুধু খাঁটি উইলো কাঠ থেকে। সবচেয়ে দামি ক্রিকেট ব্যাটগুলোর একটি এটি। তবে এমন একটা ইনিংসের পর হাসানের ব্যাটকে বলা যায় অমূল্য!নিজের ব্যাটিং নিয়ে গর্ববোধটা অবশ্য তীব্র। একসময় মারকাটারি ব্যাটসম্যান ছিলেন, বয়সভিত্তিক একটা ক্যাম্পে কোচ (বর্তমান নির্বাচক) মিনহাজুল আবেদীন বোলিংটা দেখে বললেন পেসার হতে। ব্যস, আজ তাঁর পরিচয় পেসার। কিন্তু অলরাউন্ডার হওয়ার সুপ্ত বাসনাটা এখনো তীব্র। এ কথাটা বলার সময়ই চোখ জোড়া উজ্জ্বল দেখাল। যেন স্বপ্নের বহ্নিশিখা!