আবেগ ছুঁয়ে যাচ্ছে অজিতকেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভাই, বন্ধু, পথপ্রদর্শক। আড়ালে থেকেই গত দুই যুগ ধরে টেন্ডুলকারের প্রেরণা হয়ে ছিলেন অজিত টেন্ডুলকার   ফাইল ছবি
ভাই, বন্ধু, পথপ্রদর্শক। আড়ালে থেকেই গত দুই যুগ ধরে টেন্ডুলকারের প্রেরণা হয়ে ছিলেন অজিত টেন্ডুলকার ফাইল ছবি

আজকের দিনটা ধরলে আর মাত্র ১৩ দিন!
তারপর তাঁকে আর কোনো দিন দেখা যাবে না ব্যাট হাতে। কোনো দিন গ্যালারি গর্জে উঠবে না ‘টেন্ডুলকার’, ‘টেন্ডুলকার’ চিৎকারে। ১৮ নভেম্বরের পরে যে শিশুর জন্ম হবে, সে শচীন টেন্ডুলকারকে খুঁজবে ইউটিউবে, অন্তর্জালে ক্রিকেট ম্যাচের সংগ্রহশালায়। আর মাত্র ১৩ দিন পর তিনি হয়ে যাবেন ‘ইতিহাস’!
মাস খানেক আগে ভারতীয় ক্রিকেট বোর্ডকে লেখা চিঠিতে সিদ্ধান্তটার কথা জানিয়ে দেওয়ার পর থেকেই ভক্তদের হূদয়ে বিচ্ছেদের ব্যথা, ক্রিকেট বিশ্বে বাজছে বিদায় রাগিনী। টেন্ডুলকার ছাড়া ক্রিকেট—এমন দৃশ্য হয়তো একটা প্রজন্ম কোনো দিনও ভাবেইনি। অভাবনীয় সেই ব্যাপারটা শুধু একটা ঘোষণায় সত্যি করে দিলেন টেন্ডুলকার? যে সিদ্ধান্ত এমন নাড়িয়ে দিয়েছে ক্রিকেটানুরাগীদের, সেটা নিতে গিয়ে কি টেন্ডুলকার নিজেও একটু কেঁপে ওঠেননি?
ঘোষণা দেওয়ার পর থেকে এ নিয়ে আর একটি কথাও বলেননি ভারতীয় ব্যাটিং জিনিয়াস। তবে সেই সময়ে তাঁর মানসিক অবস্থার কিছুটা বোঝা যাবে বড় ভাই অজিত টেন্ডুলকারের কথায়, ‘এটা হুট করে নেওয়া কোনো সিদ্ধান্ত নয়। ওকে তো অবসরের সিদ্ধান্ত নিতেই হতো। আমরা পরিবারের সবাই মিলে বসেছি এবং এ নিয়ে অনেক আলোচনা হয়েছে। আমার মনে হয় ওর অবসরের সময়টা ঠিকই আছে। এটা আমার ব্যক্তিগত মত যদিও।’
চব্বিশ বছর আগে এমনই এক নভেম্বরে করাচিতে পাকিস্তানের বিপক্ষে অভিষেক হয়েছিল ১৬ বছরের যে কিশোরের, অনেকের কাছেই তাঁর জীবনের গল্পটা ‘এলাম-দেখলাম-জয় করলাম’ ধরনের। কিন্তু মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়ে সব ছেড়ে শুধু ক্রিকেটে মনোনিবেশ করার সিদ্ধান্তটা মোটেও সহজ ছিল না। সেই সিদ্ধান্তও নেওয়া হয়েছিল পারিবারিকভাবেই।
এরপর তো অনেক ত্যাগ-তিতিক্ষা মেনে নিয়ে একটা লক্ষ্যেই এগিয়ে চলা। এটা টেন্ডুলকার জানেন আর জানেন তাঁর সবচেয়ে কাছের মানুষ, পথপ্রদর্শক অজিত টেন্ডুলকার। ১১ বছর বয়সী ছোট ভাইকে তিনিই তো প্রথম রমাকান্ত আচেরেকারের কাছে নিয়ে গিয়ে বলেছিলেন, ওকে ক্রিকেটার বানিয়ে দিন! সেই কিশোরের আজকের টেন্ডুলকার হয়ে ওঠার পেছনে অজিতের অবদান বোঝাতে গিয়ে একবার ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলে বলেছিলেন, ‘আমি ওকে (অজিত) পঁচিশ বছর ধরে চিনি। টেন্ডুলকারের ক্যারিয়ারের পেছনে আসল মানুষটাই তিনি।’ আড়ালের মানুষ গত দুই যুগেও আড়ালেই থেকেছেন বেশির ভাগ সময়। তবে ভাইয়ের বিদায়বেলায় ভারতীয় একটি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে সেই অজিতও আবেগাপ্লুত, ‘ও অনেক কীর্তি রেখে যাচ্ছে। ক্যারিয়ারে সে প্রায় সবকিছুই অর্জন করেছে, যা নিয়ে ভারত গর্ব করতে পারে। ১০০ আন্তর্জাতিক সেঞ্চুরির মতো একটি বিরল রেকর্ড এবং আরও যা কিছু সে করেছে, সেসবের কারণেই তাকে সবাই মনে রাখবে।’
চব্বিশ বছর আগে টেন্ডুলকারকে ভারতের হয়ে প্রথম খেলতে দেখার সেই আবেগময় অভিজ্ঞতারও স্মৃতিচারণা করেছেন অজিত, ‘আমার মনে আছে, সুনীল গাভাস্কার একবার জেআরডি টাটাকে (প্রয়াত ভারতীয় ধনকুবের) ভারতের টেস্ট ক্যাপ উপহার দিয়ে বলেছিলেন, আপনার সব আছে, আমি আর আপনাকে কী দিতে পারি? জবাবে টাটা বলেছিলেন, আমার সব আছে, আমি সব কিনতে পারি, শুধু ভারতের টেস্ট ক্যাপ ছাড়া। মাত্র ১৬ বছর বয়সে টেন্ডুলকার যখন সেই ক্যাপ পেল, আমাদের পরিবারের জন্য সেটা ছিল এক আবেগঘন এক মুহূর্ত।’
প্রথম টেস্টের মতো মুম্বাইয়ে শেষ টেস্টটা হয়তো আরও বেশি আবেগে ভাসিয়ে দেবে টেন্ডুলকারের পরিবারকে। এই প্রথম পুরো পরিবার গ্যালারিতে এসে টেন্ডুলকারের খেলা দেখবে। বাবা রমেশ টেন্ডুলকার অবশ্য থাকবেন না। কে জানে, তিনিও হয়তো দেখবেন কোনো অদৃশ্যলোক থেকে!