
অস্ট্রেলিয়ার বিপক্ষে গত বছর বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচটি ব্রিসবেনে ভেসে গিয়েছিল টানা বর্ষণে। অস্ট্রেলিয়ার মতো দলের সঙ্গে খেলাটা অনেক রোমাঞ্চকর ও চ্যালেঞ্জিং। এই টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের বিপক্ষেই ম্যাচের আগে দুই সহযোদ্ধাকে হারানোয় আবেগতাড়িত বাংলাদেশের জন্য আজ অস্ট্রেলিয়ানদের সামাল দেওয়া আরও কঠিন হয়ে পড়ল।
অস্ট্রেলিয়া নিশ্চয়ই চাইবে ২টি পয়েন্ট ঘরে তোলার সঙ্গে নেট রানরেট বাড়িয়ে নিতে। বোলিংয়ে তাসকিন আহমেদ ও আরাফাত সানির বদলি নেওয়া হয়েছে। তবে বোলিংয়ের শুরু ও শেষে যে আস্থা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তাঁদের ওপর রাখতেন, তা কাকে দিয়ে পূরণ করবেন, সে ব্যাপারে তাঁকে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হবে।
মুস্তাফিজের প্রসঙ্গে বলি। নেটে বোলিং করার মতো ফিটনেস এবং ম্যাচে বোলিং-ফিল্ডিং করার মতো ফিটনেস সম্পূর্ণ ভিন্ন। চোট থেকে সম্পূর্ণ ফিট হওয়ার প্রক্রিয়া বুঝতে পারার মতো পর্যাপ্ত অভিজ্ঞতা এখনো মুস্তাফিজের হয়েছে বলে মনে হয় না। কোনো সংশয় নিয়ে তাঁকে দলভুক্ত করে তাঁর ক্যারিয়ার যাতে বাধাগ্রস্ত করা না হয়, এ ব্যাপারটি যেন ট্রেনার ও ফিজিও খেয়াল রাখেন।
ভারতে চলমান এই টুর্নামেন্টে ৫ জন সিমারের অন্তর্ভুক্তি দলের আপার ও মিডল অর্ডারে একজন ব্যাটসম্যানকে নেওয়ার সুযোগ কমিয়ে দিয়েছে। মোহাম্মদ মিঠুনের দলে থাকার পরও নুরুল হাসানের অন্তর্ভুক্তিও আরেকটি কারণ। দলের প্রথম একাদশ নির্বাচনে নমনীয়তা অনেক কমে গিয়েছিল। বদলি নেওয়ার সুযোগ আসায় পেসার তাসকিনের জায়গায় তাই নেওয়া হলো শুভাগত হোমকে। সাকলাইন সজীব যদিও সময়ের সেরা পছন্দ, কিন্তু ফিল্ডিংয়ে এখনো তাঁর উন্নতি ঘটানোর জায়গা আছে।
এনামুল হক, লিটন দাসকে বাইরে রেখে যখন মিঠুনকে দলে নেওয়া হয়েছে, তখন তাঁকে দিয়েই ওপেন করানোর সুযোগ নেওয়া উচিত, সাত নম্বরে নয়। সাম্প্রতিক ধারাবাহিকতার অভাব ও ব্যাট-বলের সংযোগটা ঠিকভাবে করতে না পারার কারণে সৌম্যকে নিয়ে অনুশীলনে যথেষ্ট সময় দেওয়া উচিত হাথুরুসিংহের। মাঠে ফেরানো উচিত এরপরই। কথাটা আগেও লিখেছিলাম। নাসিরকে বসিয়ে রেখে কোচ যখন সাত নম্বরে মিঠুনের ওপর আস্থা রাখেন, তখন বিপিএলের আইকন খেলোয়াড়ের ওপর যে অনাস্থার বার্তাটি কোচ দেন, তা মানসিকভাবে একজন খেলোয়াড়কে ধ্বংস করে দেওয়ার মতোই। নির্বাচকেরা যদি লেট মিডল অর্ডারে অগ্রাধিকার দিয়েই নাসিরকে দলে নিয়ে থাকেন, তবে সে জায়গায় মিঠুনকে খেলানোটাকে আমি কোচের অতিমাত্রায় হস্তক্ষেপ মনে করি। এর আগে বিভিন্ন সিরিজে ইমরুল এবং শুভাগতকে চারে খেলিয়েও একই ভুল করেছেন হাথুরুসিংহে। এতে দলের মূল ব্যাটসম্যানদের প্রতি তাঁর অনাস্থাই ফুটে ওঠে।
সেরা দল নির্বাচনে কোচ, নির্বাচক ও অধিনায়কের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়টা রাখতেই এই বিষয়গুলো বিসিবির নজরদারিতে আনা জরুরি। বয়সভিত্তিক ক্রিকেট থেকে উঠে আসা ও বর্তমান জাতীয় দলে না থাকা এনামুল, লিটন, মুমিনুল, সোহাগ গাজী, আবুল হোসেনরাও যেন তাঁদের নৈপুণ্য উন্নয়নের যথাযথ সুযোগ পান—এসব দেখাও হাথুরুসিংহেরই দায়িত্ব। তবে আমাদের সাম্প্রতিক সাফল্যে এই কোচ এবং অধিনায়ক মাশরাফি ও তাঁর দলেরই কৃতিত্ব। কিন্তু তাই বলে আমরা যেন কোচকে অপার স্বাধীনতা দিয়ে না দিই।
তাসকিনকে অবৈধ অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হতে হবে ভাবিনি। যতটুকু বিভিন্ন সূত্রে জেনেছি, অ্যাকশনের ত্রুটিটা বড় নয় এবং পুনর্বাসনের মাধ্যমে তিনি সানির আগেই ফিরে আসবেন। কোনো অনিয়ম হয়ে থাকলে আইসিসি বিষয়টি নিয়ে তার সিদ্ধান্ত পাল্টাতে পারে, বিসিবির ভাষ্য মানলে তার ক্ষীণ সম্ভাবনাও আছে। এ নিয়ে যা-ই ঘটুক, এই মুহূর্তে আবেগকে তাড়িয়ে দলের মধ্যে সেরা খেলাটা খেলার চেতনা জাগিয়ে তোলাই টিম ম্যানেজমেন্টের মুখ্য কাজ।