আবেগময় সেঞ্চুরিতে স্ট্রাউসের স্বস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা আনন্দ-চিৎকার, বাতাসে হাত ছোড়া, উইকেটে থাকা কেভিন পিটারসেনকে জড়িয়ে ধরা—এই তো! আবেগের বাড়াবাড়ি ছিল না, ছিল না বাঁধনহারা উচ্ছ্বাস। তবে স্বস্তিটা ফুটে উঠেছিল অ্যান্ড্রু স্ট্রাউসের চোখে-মুখেই। সেঞ্চুরি ছোঁয়ার পর ওই হাসিটাই বলে দিচ্ছিল, বুক থেকে কত বড় এক পাথর-ভার নেমে গেল!প্রায় দেড় বছর আর ২৫ ইনিংস পর টেস্ট সেঞ্চুরি। দ্বিতীয় দিন শেষে স্ট্রাউসের প্রতিক্রিয়াতেও ফুটে উঠল স্বস্তিটা, ‘মনে হচ্ছে যেন বিশাল এক বোঝা নেমে গেছে। দলে অবদান রাখতে পেরেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। অসাধারণ এক অনুভূতি। শেষ ২০টা রান যেন হচ্ছিলই না, প্রচণ্ড মানসিক চাপে ছিলাম। এ জন্যই হয়তো অনুভূতি আরও বেশি ভালো!’ ইংলিশ অধিনায়ককে উচ্ছ্বসিত অভিনন্দন জানিয়েছে লর্ডসের দর্শকও। ঘরের ছেলেকে দাঁড়িয়ে অভিনন্দন জানিয়েছে ক্রিকেট-তীর্থের পুরো গ্যালারি। স্ট্রাউসের ২০তম সেঞ্চুরিটা যেন আরও মহিমান্বিত হয়েছে এতে. ‘দর্শকের এমন অভিনন্দন ছিল সত্যিই বিশেষ কিছু। শেষই হচ্ছিল না, চলছিল তো চলছিলই। আমি খানিকটা আবেগতাড়িত হয়ে পড়েছিলাম।’ঘরের মাঠ অবশ্য খুব কমই খালি হাতে ফিরিয়েছে তাঁকে। আট বছর আগে অভিষেক টেস্টে সেঞ্চুরি দিয়ে শুরু, পরিসংখ্যান বলবে লর্ডস আর স্ট্রাউসের বন্ধুত্বের জোর অনেক। এই ইনিংসের পথেই অ্যালেক স্টুয়ার্টকে (১৪৭৬) ছাড়িয়ে লর্ডসে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় উঠে এসেছেন দুইয়ে। ওপরে আছেন কেবল গ্রাহাম গুচ (২০১৫)। পাঁচটি সেঞ্চুরি নিয়ে সেঞ্চুরি সংখ্যাতেও দুইয়ে কেভিন পিটারসেনের সঙ্গে যৌথভাবে। এখানেও ওপরে গুচ, সঙ্গে মাইকেল ভন (ছয়টি করে)। লর্ডস যে তাঁর মনে আলাদা জায়গা পেয়ে গেছে, সেটা জানাতেও ভুললেন না স্ট্রাউস, ‘অভিষেকের সেঞ্চুরিটা হয়তো বেশি গুরুত্বপূর্ণ ছিল, তবে দীর্ঘ প্রতীক্ষার পর বলে এই সেঞ্চুরিটা বিশেষ কিছু। আমি সব সময়ই এখানে ব্যাটিং করতে ভালোবাসি। এটা হোম অব ক্রিকেট, এই মাঠকে দিয়েই অন্য সব মাঠকে মাপা হয়।’ ওয়েবসাইট।গত কিছুদিনে স্ট্রাউসকে নিয়ে সংবাদমাধ্যমে কাটাছেঁড়া কম হয়নি। ব্যাটে এমন রানখরা নিয়ে বিশ্বের ১ নম্বর দলের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা আছে কি না, এই প্রশ্ন নিয়মিতই উঠেছে। তবে সুসময়ের দেখা পেয়ে পাল্টা কিছু বলেননি স্ট্রাউস। কোনো আক্ষেপও নেই, ‘এটাই জীবন। রান না পেলে কথা হবে, ফর্মে না ফেরা পর্যন্ত সেটা চলতেই থাকবে। সেঞ্চুরি পেয়ে স্বস্তি লাগছে, এখন অন্য কিছুতে মন দিতে পারব।’