আবেগাপ্লুত মরিনহো
ফুটবল বিশ্বে আচার-ব্যবহার নিয়ে খুব একটা সুখ্যাতি নেই হোসে মরিনহোর। মাঝেমধ্যেই প্রতিপক্ষ দলের খেলোয়াড়-কোচের সঙ্গে বিবাদে জড়িয়ে বিতর্কের জন্ম দেন এই পর্তুগিজ কোচ। তবে ম্যানচেস্টার ইউনাইটেডের বিদায়ী কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের কথা ভিন্ন। ফার্গির সঙ্গে মরিনহোর সম্পর্কটা নাকি বন্ধুত্বপূর্ণ। দ্রোণাচার্য স্যার অ্যালেক্সের বিদায়টা তাই আবেগাপ্লুত করে তুলেছে ‘স্পেশাল ওয়ান’কে।দীর্ঘ ২৭ বছর ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব পালন করার পর অবসরে যাওয়ার ঘোষণা দিয়েছেন অ্যালেক্স ফার্গুসন। সিদ্ধান্তটা মরিনহোকে ব্যক্তিগতভাবেও জানিয়েছিলেন ক্লাব ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই কোচ। তখন তিনি খুব অবাক ও ব্যথিত হয়েছিলেন বলে জানিয়েছেন মরিনহো। স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘যখন স্যার অ্যালেক্স আমাকে এই সিদ্ধান্তের কথা জানালেন, আমি খুবই অবাক হয়েছিলাম; দুঃখও পেয়েছিলাম। আমার জন্য তো বটেই, আমি মনে করি, সব কোচের জন্যই এখন ওল্ড ট্র্যাফোর্ডে গিয়ে ফার্গুসনের অনুপস্থিতিটা মেনে নেওয়া কঠিন হবে। তবে আমি তাঁর বিস্ময়কর ক্যারিয়ারের অর্জন, তাঁর আবেগ অনুধাবন করতে পেরে গর্ব বোধ করছি।’ আগামীকাল রোববার শেষবারের মতো ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হিসেবে ডাগ আউটে দাঁড়াবেন স্যার অ্যালেক্স ফার্গুসন। সোয়ানসে সিটির বিপক্ষের ম্যাচটিই হবে ওল্ড ট্র্যাফোর্ডে তাঁর বিদায়ী ম্যাচ। এই ম্যাচটি দেখবেন কি না, এমন প্রশ্নের জবাবে কিছুটা আবেগী হয়েই মরিনহো বলেন, ‘না, অবশ্যই দেখব না। আমি কাঁদতে চাই না।’ সূত্র: গোল ডটকম।