আবেগি দুঙ্গার ক্ষমাপ্রার্থনা
এ কোন দুঙ্গা? কার্লোস দুঙ্গাই তো, নাকি? পরশু সাংবাদিকদের এমনই ধন্দে ফেলে দিয়েছিলেন ব্রাজিল কোচ। দিন কয়েক আগে সাংবাদিকদের গালিগালাজ করেছিলেন যিনি, সেই দুঙ্গা এবার দীর্ঘদিন ধরে চলে আসা ‘দ্বৈরথ’ ইতি টেনে দেওয়ার আভাস দিলেন। অন্তত তাঁর তরফ থেকে উঠল সাদা পতাকা।‘আমি আমার আচার-আচরণের জন্য ব্রাজিল সমর্থকদের কাছে ক্ষমা চাই। আমার ব্যক্তিগত সমস্যার ভার তো আর ব্রাজিলের সমর্থকেরা নেবেন না। একজন ব্রাজিলিয়ান হিসেবে আমি শুধু কাজে নিমগ্ন থাকতে চাই, চেষ্টা করে যেতে চাই জাতীয় দলের জন্য সবটুকু ঢেলে দেওয়ার’—বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এভাবেই আত্মসমর্পণ করলেন দুঙ্গা।গত রোববার গ্লোবোর এক সাংবাদিকের উদ্দেশে বিড়বিড় করে গালি দিয়েছিলেন দুঙ্গা। কিন্তু মাইক্রোফোনে ঠিকই শোনা গিয়েছিল কী বলে দুঙ্গা শাপশাপান্ত করছেন। এর আগে সাংবাদিকদের গালিগালাজ করে দুই মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আর্জেন্টিনা কোচ ম্যারাডোনা। দুঙ্গার গালিতে অবশ্য শাস্তির মাত্রা খুঁজে পায়নি ফিফা। তাই তাঁর বিরুদ্ধে কোনো পদক্ষেপও নেওয়া হয়নি।তবে দুঙ্গা নিজেই নিজেকে শাস্তি দিচ্ছেন। অনুশোচনায় ভুগছেন। সেদিন হুট করে মাথা গরম করে ফেলার জন্য অনুতপ্ত কোচ জানাচ্ছেন, আসলে ব্যক্তিগত জীবনে তিনি আছেন চাপের মধ্যে। আবেগঘন কণ্ঠে জানালেন তাঁর বাবার কথা। বহু বছর ধরে যিনি আলঝেইমার (স্মৃতিভ্রংশ) রোগে আক্রান্ত।বাবার কাছ থেকে যে নীতিবোধের শিক্ষা পেয়েছেন, অন্তত সেদিন তা ভুলে যাওয়ায় ভেতরে ভেতরে দুঙ্গা পুড়ছেন, ‘বাবার কাছ থেকে আমি যা শিক্ষা পেয়েছি, সেটি করে দেখানোর এটাই সুযোগ আমার জন্য। আমি শিখেছি, একজন মানুষ তখনই মানুষ হয়ে ওঠে, যখন সে সৎগুণের অধিকারী হয়, যখন সে যুক্তিবাদী হয়, তাঁর আত্মসম্মানবোধ থাকতে হয়, স্বচ্ছতা থাকতে হয়। আপনাকে এও শিখতে হবে, কখন আপনি ভুলের জন্য ক্ষমা চাইবেন। ভুল করে ফেললে সেটি শুধরে নিয়ে আবারও সঠিক পথে হাঁটতে হবে।’মমতাময়ী মায়ের কথাও টেনে এনেছেন দুঙ্গা, ‘বাবার এই দীর্ঘ অসুস্থতার কারণে সবচেয়ে বেশি কষ্ট সইতে হয়েছে আমার মাকে। কিন্তু তার পরও তিনি আমাকে শিখিয়েছেন, কোনো কাজই অর্ধসমাপ্ত রেখে দিতে নেই। তিনি আমাকে দেশকে ভালোবাসতে শিখিয়েছেন। দেশপ্রেমিক হতে উদ্বুদ্ধ করেছেন। কেউ কেউ হয়তো আমাদের কাজের ধরন পছন্দ করবে না, কিন্তু তার পরও দেশের জন্য, আমাদের স্বজনদের জন্য সেরা চেষ্টাটাই আমাদের করে যেতে হবে।’শুধু দুঙ্গা নন, পুরো ব্রাজিল দলই এখন আবেগাচ্ছন্ন। দেশটির আলাগোয়াস আর পারনামবুচো রাজ্যে ভয়াবহ বন্যায় প্রায় দেড় লাখ মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। দুঙ্গা সমবেদনা জানিয়েছেন তাদের প্রতিও।দুঙ্গা কেন ব্রাজিলের প্রথাগত সুন্দর ফুটবল থেকে সরে এসেছেন সেই ব্যাখ্যাও দিলেন। এবারের বিশ্বকাপকে উদাহরণ টেনেই বললেন, ফুটবল আর আগের মতো নেই। এখন আর প্রথাগত শক্তিশালী দল বলে কিছু নেই। নেই বলেই প্রথম রাউন্ডেই হোঁচট খেয়ে বাড়ি ফিরতে হলো ইতালি-ফ্রান্সদের।এখন সব চাপ আর্জেন্টিনা আর ব্রাজিলকে সইতে হচ্ছে বলেও জানালেন দুঙ্গা, ‘আর্জেন্টিনা আর ব্রাজিল এরই মধ্যে ভয়াবহ চাপের মধ্যে পড়ে গেছে। আমাদেরও নিজেদের ধারা পরিবর্তন করতে হবে। তথাকথিত “ঐতিহ্যবাহী দলের” কথা ভুলে যান। আপনি যদি ভালো না খেলেন, আপনি ছিটকে পড়বেন। ঐতিহ্যবাহী দলগুলো মাঠে নামলেই জয় পাবে, সেই দিন গত হয়েছে বহু আগেই। “দুর্বল” দলের খেলোয়াড়েরাও এখন বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কিংবা চেলসির মতো বিশ্বের সেরা ক্লাবগুলোতে খেলেন। আইভরিকোস্ট দলটার দিকেই তাকিয়ে দেখুন না। আমাদের তাই সতর্ক হতেই হবে।’ রয়টার্স, এএফপি।