আবেগী ব্রাজিল, বিরক্ত জিকোরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবেগ কাটিয়ে উঠতে হবে খেলোয়াড়দের। বলছেন, ব্রাজিলের সাবেকরা ছবি: এএফপি।
আবেগ কাটিয়ে উঠতে হবে খেলোয়াড়দের। বলছেন, ব্রাজিলের সাবেকরা ছবি: এএফপি।

এটা কী ধরনের কথা? মাঠের মধ্যে কান্নাকাটি! যে দল ষষ্ঠবারের মতো বিশ্বকাপ জেতার মিশনে খেলছে, সেই দলের খেলোয়াড়েরা কেন এত আবেগাশ্রয়ী হবে? চিলির বিপক্ষে ম্যাচে টাইব্রেকারে জেতার পর খেলোয়াড়দের হাউমাউ করে কান্নার ব্যাপারটি মোটেও ভালো লাগেনি ব্রাজিলের সাবেক ফুটবলারদের। লুইস ফেলিপে স্কলারি তো গতকালকের ট্রেনিং সেশনে বিশেষভাবেই মনোযোগ দিয়েছেন মনোবিজ্ঞানের দিকে। বিশেষ বার্তা দিয়েই ব্রাজিলের অনুশীলন শিবিরে কাল ডেকে আনা হয়েছিল মনোবিজ্ঞানী রেগিনা ব্রান্দাওকে।

১৯৭০ সালের বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের অধিনায়ক কার্লোস আলবার্তো বলেছেন, ‘ইদানীং ব্রাজিলীয় ফুটবলাররা খুব বেশি কান্নাকাটি করছে। ব্যাপারটি মোটেও দৃষ্টিসুখকর নয়।’

ফুটবলারদের আবেগের অতি-প্রদর্শনের বিষয়টি একেবারেই ভালো লাগেনি ফুটবল কিংবদন্তি জিকোর। ব্রাজিলের এবারের দলটি স্বাগতিকের চাপ সামলে দেশবাসীকে ষষ্ঠ বিশ্বকাপ উপহার দিতে মানসিকভাবে প্রস্তুত কি না, এ ব্যাপারেও সংশয় ঝরেছে জিকোর কণ্ঠে, ‘এরা তো সব সময়ই কাঁদছে। আবেগের অতি-প্রদর্শন মানেই মূল জায়গায় মনোযোগের অভাব। কয়েকজন তো আছে মাঠে নিজের খেলাটা খেলতেই ভুলে যাচ্ছে। এভাবে চলতে থাকলে কিন্তু কপালে দুঃখই আছে।’

ক্রোয়েশিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচে জাতীয় সংগীতের সময় চোখের জল গড়িয়ে পড়ছিল নেইমারের গাল বেয়ে। ব্যাপারটি নিয়ে ওই সময় গণমাধ্যমে আবেগ-স্পর্শী সংবাদ আইটেম হলেও কান্নকাটির ব্যাপারটি সেখানেই থেমে যায়নি। চিলির বিপক্ষে টাইব্রেকারে পেনাল্টি ঠেকিয়ে গোলরক্ষক হুলিও সিজার তো রীতিমতো হু হু করে কেঁদেছেন। কেঁদেছেন ডেভিড লুইজ, থিয়াগো সিলভা, নেইমারসহ অনেকেই। সত্তরের বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস আলবার্তোর পরামর্শ হচ্ছে, ‘খেলোয়াড়দের উচিত চোখের জল সামলে রাখা। এখনই যদি তাঁরা কেঁদে-কেটে অস্থির থাকে, তাহলে আরও বড় চাপ নেওয়ার খেলায় তারা কী করবে? তাদের চোখের জল আমরা দেখতে চাই ১৩ জুলাই রিও ডি জেনিরোতেই, তার আগে নয়।’

মনোবিজ্ঞানী রেগিনা কাল অনুশীলন শিবিরে খেলোয়াড়দের সঙ্গে আলাপ-আলোচনা করেছেন। তিনি অবশ্য তাঁর অনুশীলন শিবিরে আসার ব্যাপারটি ‘রুটিন’ বিষয় হিসেবে অভিহিত করেছেন। বলেছেন, ‘কোনো বিশেষ মিশনে নয়। আমার খেলোয়াড়দের সঙ্গে কথা বলার ব্যাপাটি আগে থেকেই নির্ধারিত ছিল।’

রেগিনা দাবি করেছেন, ব্রাজিলের খেলোয়াড়দের সঙ্গে তাঁর সার্বক্ষণিক যোগাযোগই আছে, ‘আমি তো খেলোয়াড়দের সঙ্গে সব সময়ই কথা বলি, হোয়াটসঅ্যাপ, স্কাইপে—সব মাধ্যমেই।’

নেইমার জানিয়েছেন, তিনি রেগিনার সেশন দারুণ উপভোগ করেছেন। ব্যাপারটি খুবই সাধারণ বিষয় দাবি করে নেইমার বলেন, ‘আবেগনির্ভর পেশায় আছি আমরা। এ ধরনের সেশন আমাদের মানসিকভাবে চাঙা হতে খুবই প্রয়োজন। আমি রেগিনার সেশন খুব উপভোগ করেছি।’

কার্লোস আলবার্তো সোজা-সাপ্টাই জানিয়েছেন, ‘ব্রাজিলের এই দল বিশ্বকাপ জয়ের জন্য পুরোপুরি প্রস্তুত নয় দেখেই তারা এত আবেগের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে। সে জন্য তারা জাতীয় সংগীতের সময় কাঁদছে, ব্যথা পেলে কাঁদছে, কঠিন পরিস্থিতিতে কাঁদছে। এসব তো খেলারই অংশ।’

এদিকে, আবেগের কাছে বন্দী দলের খেলোয়াড়দের পাশেই দাঁড়াচ্ছেন কোচ স্কলারি। তিনি বলেছেন, এই দলটি খুবই তরুণ। এরা আবেগের কাছে আত্মসমর্পণ করতেই পারে। আমার দেখার বিষয়, মাঠের খেলাটা তারা ঠিকভাবে খেলছে কি না।

গোলরক্ষক সিজার সম্পর্কে তাঁর বক্তব্য, ‘ওই ম্যাচে আবেগাশ্রয়ী হওয়ার যথেষ্টই কারণ ছিল সিজারের।’ এএফপি।