আবেগের আতিশয্য, শচীন মনোযোগী ক্রিকেটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইডেনের ড্রেসিংরুমে নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন শচীন।কলকাতাতে পা রেখেই এমন হরেক আনুষ্ঠানিকতার মুখোমুখি তিনি।কিন্তু সবকিছু ছাপিয়ে গ্রেট টেন্ডুলকারের মনোযোগ ওই ক্রিকেটেই। ছবি: রয়টার্স
ইডেনের ড্রেসিংরুমে নিজের মোমের মূর্তি উন্মোচন করলেন শচীন।কলকাতাতে পা রেখেই এমন হরেক আনুষ্ঠানিকতার মুখোমুখি তিনি।কিন্তু সবকিছু ছাপিয়ে গ্রেট টেন্ডুলকারের মনোযোগ ওই ক্রিকেটেই। ছবি: রয়টার্স

মহানগর কলকাতায় এই শেষবারের মতো খেলতে এসেছেন শচীন টেন্ডুলকার। আবেগের আতিশয্য কিংবা ভালোবাসার বাড়াবাড়িটা থাকবেই কিন্তু মাঝেমধ্যে ব্যাপারটা এমনই মাত্রাছাড়া হয়ে উঠছে যে খোদ টেন্ডুলকারের মধ্যেও তা বিরক্তির জন্ম দিচ্ছে। কিন্তু তার পরও বিশেষ উপলক্ষ বলে কথা! ক্রিকেট উপলক্ষে কলকাতায় ভারতীয় ক্রিকেটের জীবন্ত কিংবদন্তির পা পড়ছে শেষবারের মতো—আবেগের বিড়ম্বনায় তো তাঁকে পড়তেই হবে। চিরবিনয়ী টেন্ডুলকার তা মেনেও নিচ্ছেন। কিন্তু সবার আগে যে ক্রিকেট, সেটাও মাঝেমধ্যে সবাইকে মনে করিয়ে দিতে ভুলছেন না তিনি।
রোববার রাতে কলকাতায় পা রাখার পর থেকে আনুষ্ঠানিকতাতেই কাটছে ‘লিটল মাস্টারে’র সময়। শিশু-কিশোরদের সংবর্ধনা, ইডেনের ড্রেসিংরুমে মোমের মূর্তি উন্মোচন—সবকিছুই হয়েছে। কলকাতায় আসার আসল লক্ষ্যটা যে ‘ক্রিকেট’, সেটা সবাইকে মনে করিয়ে দিতেই টেন্ডুলকার নিজেই বাতিল করেছেন বেশ কিছু আনুষ্ঠানিকতা। ভারতীয় ক্রিকেটের এই ‘ওয়ান্ডারবয়’ যে চিরদিনই ক্রিকেটকেই সবার আগে রেখেছেন, এই শেষবেলায় এসেও তার ব্যতিক্রম ঘটবে কেন! কলকাতাতেও ক্রিকেটেই দৃষ্টি নিবদ্ধ করতে চান তিনি। কিন্তু আনুষ্ঠানিকতার বাড়াবাড়ি তা হতে দিচ্ছে কই!
ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কাল থেকে শুরু হতে যাওয়া নিজের ১৯৯তম টেস্ট ম্যাচটির প্রতিই এই মুহূর্তে মনোযোগী হতে চান টেন্ডুলকার। ২৪ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের শেষটাও করতে চান রাজকীয় ঢংয়ে। তার জন্য যে মনোযোগ দরকার, তাতে বেশ ঘাটতি পড়ছে উত্সাহীদের ‘অতিউত্সাহে।’ ঘনিষ্ঠজনদের কাছে নাকি পুরো ব্যাপারটি নিয়েই বিরক্তি প্রকাশ করেছেন তিনি, ‘এখানে তো টেস্ট খেলতে এসেছি, এসবের কী প্রয়োজন। আগে ক্রিকেটটা খেলি, তারপর অন্যকিছু।’
ক্রিকেটে ‘গ্রেট’ তো আর সাধে বলা হয় না টেন্ডুলকারকে! সূত্র: পিটিআই।