আবেগের কাছে পেশাদারির পরাজয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মুশফিকুর রহিম কিছু বলবেন না বলবেনই না।
অনেকবার অনুরোধ করা হলো। প্রতিবার একই উত্তর। হাতজোড় করে ‘আমার বলার কিছু নেই।’
নিজের ফেসবুক পেজে দেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করেছেন। নতুন করে আর কীই-বা বলবেন! আগের রাতে যা হয়েছে, সেটির ব্যাখ্যা তো তাঁর নিজের কাছেও নেই। আনুষ্ঠানিক দুঃখ প্রকাশ করাতেই হয়তো একটু নির্ভার বোধ করছেন। যে কারণে কথা বলবেন না জানানোর সময় মুখে হাসি থাকল।
মাহমুদউল্লাহর মুখে রাজ্যের আঁধার। বেঙ্গালুরু থেকে কলকাতার দুই ঘণ্টা ১০ মিনিটের ফ্লাইটের প্রায় পুরোটাই ঘুমিয়ে কাটালেন। বিমান থেকে নামার সময় যতবার আগের রাতে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করা হলো, ততবারই অস্ফুটে বললেন, ‘কী বলব...!’
তুলে মারার চেষ্টা না করে ২টা সিঙ্গেল নিলেই হয়ে যায়—এটা মাথায় আসেনি? মাহমুদউল্লাহ কোনো উত্তর দেন না। মুখটা শুধু আরও বিষণ্ন হয়ে যায়। রাতে ঘুম হয়েছে? মুখে কিছু না বলে দুই পাশে মাথা নাড়েন।
মাহমুদউল্লাহর ভেঙে পড়া চেহারা দেখে মনে হয়, ভাগ্যিস, এই সময়ে পরিবারকে পাশে পাচ্ছেন। বেঙ্গালুরুতেই একমাত্র ছেলেকে নিয়ে তাঁর সঙ্গে যোগ দিয়েছেন স্ত্রী। মুশফিকের অর্ধাঙ্গিনীও এসেছেন একই সঙ্গে। সম্পর্কে যাঁরা দুই বোন।
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে গত বিশ্বকাপেও তাঁরা ছিলেন। সেটি ছিল সুসময়। টানা দুই সেঞ্চুরি করে মাহমুদউল্লাহ ওই বিশ্বকাপের হিরো, মুশফিকও খুব ভালো খেলছিলেন। আর এখানে, ভারতের বিপক্ষে শেষ তিন বলের ট্র্যাজেডির পর সবার আঙুল উঠছে দুজনের দিকে। ৩ বলে যেখানে মাত্র ২ রান লাগে, কেন তাঁরা অমন ছক্কা মারতে গেলেন?
কোটি টাকার এই প্রশ্নটার উত্তর কারও জানা নেই। তাতে কী, কাল বিকেলে বাংলাদেশ দলকে কলকাতায় নিয়ে আসা জেট এয়ারওয়েজের বিমানে তো সেটিই উড়ে বেড়াল। ক্রিকেটাররা এ কথা-ও কথা বলছেন, কখনো অন্য কোনো বিষয়েও আড্ডা হচ্ছে—কিন্তু কিছুক্ষণের মধ্যেই অবধারিতভাবেই সামনে এসে দাঁড়াচ্ছে আগের রাতের দুঃস্বপ্ন।
তামিম ইকবাল মাথা নাড়তে নাড়তে বলছেন, ‘চাপে যে কী হয়ে যায়! ২টা সিঙ্গেল নিলেই হয়ে যায়, এটা কিন্তু আমার মাথাতেও আসেনি। আমিও চার-ছয়ের কথাই ভাবছিলাম।’
মাশরাফি দুষ্টুমি করেন, ‘ম্যাচটা তো তুই-ই হারিয়ে দিয়ে এলি। সেট ব্যাটসম্যান, তুই ম্যাচ শেষ করে আসবি না!’ তামিম প্রতিবাদ করেন, ‘প্রথম ৬ ওভারে আমার কাছে দল যা চেয়েছিল, তা তো আমি করেছি। ৭০ রান চাইলে আমি তাই করার চেষ্টা করতাম।’ বলতে বলতেই মনে লুকিয়ে রাখা দুঃখটা বেরিয়ে আসে, ‘আমার শেষ পর্যন্ত থাকা উচিত ছিল। বলটা একটু নিচু হয়ে গিয়েছিল, তার পরও না বেরোলেই হতো।’
বিমানে পাশাপাশি তিন সিটে মাশরাফি, মুশফিক ও মাহমুদউল্লাহ। বিনিদ্র রাত মাহমুদউল্লাহকে ঘুম পাড়িয়ে দিয়েছে। ব্যাটসম্যানরা কথা বললেই এই সর্বনাশটা হতো না—স্টিভ ওয়াহর কথাটা বলতেই মাশরাফি মুশফিকের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। তার পর বললেন, ‘দেখলি তো, আমার আর স্টিভ ওয়াহর চিন্তা একই রকম।’ মাশরাফি যে মুশফিককে আগেই তা বলেছেন।
মাশরাফির নিজেরও একটু আফসোস হচ্ছে, কেন তিনি মেসেজ পাঠাতে গিয়েও আর পাঠালেন না! ‘৩ বলে ৯ হয়ে যাওয়ার পর আমি উঠে দাঁড়িয়েছিলাম। ওদের ওখানে রবি শাস্ত্রী বসা। ভাবলাম, এখন মেসেজ পাঠালে ভাববে, বাংলাদেশের ব্যাটসম্যানরা কেমন আনপ্রফেশনাল। এ সময় কী করতে হবে, এটাও বলে দিতে হয়!’
এভাবে ম্যাচ হারার দুঃখই যথেষ্ট বড়, যা আরও বড় হয়ে যাচ্ছে রবি শাস্ত্রীকে জবাব দেওয়ার এমন মোক্ষম সুযোগটা হাতছাড়া হয়ে যাওয়ায়। এশিয়া কাপের সময় ভারতের টিম ডিরেক্টরের কথাবার্তা বাংলাদেশের ক্রিকেটারদের গায়ে রীতিমতো জ্বালা ধরিয়েছে। ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়-কোচিং স্টাফ-কর্মকর্তাদের হাত মেলানোর ক্রিকেটীয় ভদ্রতাও শাস্ত্রী কোনো দিন দেখিয়েছেন বলে ‘অভিযোগ’ নেই।
ঢাকায় এশিয়া কাপের দলে যোগ দেওয়ার সময় তামিম বলছিলেন, ‘আমি আগে থেকে কিছু ভেবে রাখলে তা আর হয় না।’ এখানেও হয়নি। ‘আমি কোহলির মতো ম্যাচ শেষ করে বেরোতে চেয়েছিলাম। সেটি পারিনি। আরেকটা কথাও টিমমেটদের বলেছিলাম, “দেখিস, এমন একটা পরিস্থিতি হবে যে, আমাদের সঙ্গে হারলে ভারতকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে”। আর আমরাও ওদের বিদায় করে দেব।’
সেটি তো প্রায় সত্যিই হয়ে গিয়েছিল। ম্যাচের পর সংবাদ সম্মেলনে মহেন্দ্র সিং ধোনিও সেই ‘ভয়াবহ সম্ভাবনা’ নিয়ে কথা বলতে গিয়ে টেনে এনেছেন ২০০৭ বিশ্বকাপকে। যখন পোর্ট অব স্পেনে বাংলাদেশের কাছে হেরে বিদায় নেওয়ার পর অনেক দিন তিনি নিজের বাড়িতে ফিরতে পারেননি।
পাকিস্তানের দুর্দশায় ভারত-পাকিস্তান এখন শুধু নামেই চিরপ্রতিদ্বন্দ্বী। বছর খানেক ধরে উপমহাদেশের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতার নাম ‘বাংলাদেশ-ভারত’। মাশরাফিদের কথাবার্তায় মনে হলো, সেটিতে এমন হাতের মুঠো থেকে জয় ফেলে দেওয়ার দুঃখ অনেক দিনই তাড়িয়ে বেড়াবে তাঁদের। এখানেই চিন্নাস্বামীর পেছনে পড়ে যাচ্ছে শেরেবাংলা।
বাংলাদেশের ক্রিকেটে এত দিন দুঃখরজনী বলতে ছিল ২০১২ এশিয়া কাপের ফাইনাল। পাকিস্তানের কাছে ২ রানে হারার পর মাঠেই কান্নায় ভেঙে পড়েছিলেন মুশফিক-সাকিবরা। সেভাবে আলোচনায় আসেনি, তবে তামিমও কেঁদেছিলেন সেই রাতে। বেঙ্গালুরুতে কাঁদেননি, তার পরও তাঁর চোখে এটিই বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে কষ্টের পরাজয়।
মুশফিকের যে কান্না-রোগ আছে, তাঁর টিমমেটদের সবারই তা জানা। তবে গত পরশু বাংলাদেশের ড্রেসিংরুমে এমন একজনের চোখে জল দেখেছেন ক্রিকেটাররা, যাঁকে আবেগ স্পর্শ করে না বলেই এত দিন ধারণা ছিল সবার। কোচ চন্ডিকা হাথুরুসিংহে। রাত পার হওয়ার পরই অবশ্য আবারও তিনি পুরোপুরি পেশাদার। শুধুই দুর্ভাগ্যকে দায়ী না করে যিনি বাংলাদেশ দলের মৌলিক ক্রিকেটিং ভুলগুলো খেলোয়াড়দের সামনে তুলে ধরার প্রস্তুতি নিচ্ছেন।
‘ভারতীয় ইনিংসের শেষ বলটা মনে আছে আপনার? ওরা কীভাবে ১ রানের জায়গায় ২ রান নিয়ে নিল! থ্রোটা ঠিক প্রান্তে করলেই কিন্তু রানআউট। মুশফিক কেন দুটি চার মেরেই উল্লাসে ফেটে পড়ল? ওটা তো হবে জয়ের পর। শেষ বলে মুস্তাফিজ কেন ডাইভ দিল না? এসব সাধারণ ক্রিকেটিং ভুল করলে কীভাবে হবে!’ বিমানে দাঁড়িয়ে কথা বলতে বলতে হাথুরুসিংহে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তির জায়গাটাই যে বড় দুর্বলতা, সেটিও মনে করিয়ে দেন, ‘বাংলাদেশের ক্রিকেটারদের আবেগটা খুব বেশি। এ কারণেই পারফরম্যান্সে এত ওঠানামা হয়। পরপর দুই ম্যাচে ওদের দেখে মনে হয় দুটি ভিন্ন দল! এখানেই দেখেন না, অস্ট্রেলিয়ার বিপক্ষে দলটা কেমন নেতিয়ে ছিল।’
দুঃস্বপ্নের ওই শেষ তিনটি বলেরও বোধ হয় একটাই ব্যাখ্যা। আবেগের কাছে পেশাদারির পরাজয়!