আবেগের টেস্টে ভারতীয় আধিপত্য

কাল রাতটা কেমন কেটেছে শচীন টেন্ডুলকারের?
প্রতিটি ম্যাচের আগের রাতটা যেভাবে কাটে, সেভাবে, নাকি একটু অন্যভাবে! টেন্ডুলকার যেকোনো ম্যাচের আগের রাতে সাধারণত যা করেন—রাতের খাবারটা তাড়াতাড়ি খেয়ে নেওয়া, কীট ব্যাগ সুন্দর করে গুছিয়ে নেওয়া, ফোনে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে নেওয়া, লাইট অফ করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া—এত দিনের রুটিনটা ছিল এমনই। কাল রাতে কী এর কিছুটা ব্যত্যয় ঘটেছে? বিদায়ী টেস্ট ম্যাচের আগে কাল রাতটা কী একটু আবেগঘন কাটেনি তাঁর! হাজার হোক তিনি তো মানুষ, বিদায়বেলার আগের রাতটাতে আবেগাপ্লুত হয়ে না হয় রুটিনের একটু হেরফের হলোই! তাতে এমন কী এসে যায়!
ক্রিকেট ইতিহাসে আজ সকালটা একটু অন্যরকমই। আজ ‘বিদায়’ বলার শুরুটা করবেন এক কিংবদন্তি। ২২ গজের গণ্ডিতে ২৪ বছর দাপিয়ে বেড়ানো এক অনন্য-অসাধারণ প্রতিভার বিদায় লগ্ন শুরু হয়ে গেছে যে আজই। টেন্ডুলকারের বিদায়ী মঞ্চ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়াম আজ সেজেছে অন্য সাজে। অম্ল-মধুর এই লগ্নকে স্মরণীয় করে রাখার জন্য সম্ভব-অসম্ভব সব আয়োজনই গায়ে মেখেছে ক্রিকেট-কিংবদন্তির চিরচেনা এই মাঠ।
পুরো ওয়াংখেড়ে স্টেডিয়ামে স্থাপন করা হয়েছে ১০০টি বিলবোর্ড। এতে স্থান পেয়েছে টেন্ডুলকারের ১০০টি আন্তর্জাতিক সেঞ্চুরির ছবি, পরিসংখ্যান। কোন মাঠে, কয় বল খেলে তিনি শতকটি হাঁকিয়েছেন, রয়েছে তার চুলচেরা বিশ্লেষণ। বাদ পড়েনি ইনিংসগুলোতে মারা তাঁর চার-ছয়ের হিসাবও। ফুল দিয়ে যেন মুড়িয়ে দেওয়া হয়েছে গোটা ওয়াংখেড়ে। হাজার হাজার কেজি ফুলের গালিচা তৈরি করা হয়েছে টেন্ডুলকারের বিচরণ-স্থলে। বিদায়ের এমন মাহাত্ম্য এর আগে মুম্বাই আর কখনো দেখেনি।
ব্যস্ত শহর মুম্বাই। এই শহরের মানুষগুলো সময়ের আগে ছুটতে চায়। ভারতের সবচেয়ে বড় এই বাণিজ্যিক শহর আজ সকাল থেকে চলার গতি যেন আরও বাড়িয়ে দিয়েছে। যে করেই হোক শচীনের ব্যাটিংটা চোখ চেয়ে দেখতে হবে। এ যে ব্যাট হাতে তাঁর শেষ আবির্ভাব! এটা মিস করলে চলে!
আজ সকালে অবশ্য টস জিতে মুম্বাইয়ের দর্শকদের একটু সুবিধাই করে দিয়েছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তিনি ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেননি। ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়ে দর্শকদের যেন হাতের কাজটুকু সেরে নেওয়ার সময় দিয়েছেন। ভারতের হয়ে শেষবারের মতো ৪ নম্বরে শচীন যখন মাঠে নামবেন, তখন তো ওসব কাজটাজ হয়ে যাবে গৌণ বিষয়। কিংবদন্তির বিদায়কে ধারণ করে রাখতে চান যে সবাই।
টেন্ডুলকারের বিদায়ী টেস্টা একপেশেই হতে যাচ্ছে। ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছে ১৮২ রানেই। প্রজ্ঞান ওঝা ৪০ রানে ৫ উইকেট নিয়ে ধসিয়ে দিয়েছেন ক্যারিবীয়দের ব্যাটিং। রবিচন্দ্রন অশ্বিনও তুলে নিয়েছেন ৩ উইকেট। দুই পেসার ভুবনেশ্বর কুমার আর মোহাম্মদ সামিও কম যান না। তাঁদের সংগ্রহ একটি করে উইকেট। ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান এসেছে কাইরন পাওয়েলের ব্যাট থেকে।
একপেশে টেস্ট অবশ্য কোনো সমস্যা নয়। ওয়াংখেড়ের এই মঞ্চ শচীন টেন্ডুলকারের বিদায়ের উপলক্ষে সাজানো। একটা ম্যাচে ক্রিকেটীয় খতিয়ান না হয় একটু গৌণ রইলই।
২৪ বছরের খতিয়ানে জের টানার ব্যাপারটি তো আর সাধারণ কিছু নয়!
ক্রিকেট, ফুটবল, টেনিস, গলফসহ যেকোনো খেলার আপডেট ও খবর পেতে আপনার মোবাইল থেকে s লিখে এসএমএস করুন ২২২১ নম্বরে।