কাল প্রিমিয়ার লিগ দেখার জন্য টিভি খুললে নিশ্চয়ই একটু চমকে গেছেন। আটটায় নির্ধারিত সব ম্যাচ শুরু হয়েছে সাত মিনিট দেরিতে, ১০টার ম্যাচও তাই। আজও সব ম্যাচ সাত মিনিট দেরিতেই শুরু হবে। হিলসবরো ট্র্যাজেডির ২৫তম বার্ষিকী উপলক্ষেই খেলার সময় পিছিয়ে দেওয়া হয়েছে।
ম্যানচেস্টার সিটির সঙ্গে লিভারপুলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচটির আগে বারবার ফিরে ফিরে আসছে ১৫ এপ্রিল, ১৯৮৯-এর সেই ভয়াল স্মৃতি। এফএ কাপ সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল লিভারপুল-নটিংহাম ফরেস্ট। শেফিল্ড ওয়েডনেসডের মাঠে তিল ধারণের ঠাঁই ছিল না। টিকিট বিক্রি হয়েছিল স্টেডিয়ামের ধারণক্ষমতার তিন গুণ। প্রচণ্ড ভিড়ে পদপিষ্ট হয়ে মারা যান ৯৬ লিভারপুল সমর্থক, আহত হন ৭৮৯ জন। শুধু ইংলিশ ফুটবলে নয়, বিশ্ব ফুটবলেও এমন শোকাবহ দিন খুব বেশি আসেনি।
এপ্রিলের সেই দিনের স্মরণে প্রতিবছরই মাঠে নীরবতা পালন করা হয়। এবার সেই দুর্ঘটনার ২৫তম বছর বলে শোকের সুরটাও চড়া। লিভারপুল কোচ ব্রেন্ডন রজার্স তো গত সপ্তাহেই বলেছেন, ‘যখন এই ক্লাবের ম্যানেজার হয়ে এসেছি, আমি জানি ওপর থেকে ৯৬ জন সব সময় আমাদের সমর্থন দিয়ে যাবে। তারা সব সময়ই আমাদের হূদয়ে আছে।’
কিন্তু শেষ পর্যন্ত আজকের ম্যাচটি দুটি পেশাদার দলের লড়াই। ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে ম্যাচটাকে লিগের ‘সেমিফাইনাল’ বলে দেওয়া যায়। ৩৩ ম্যাচ শেষে লিগে লিভারপুলই এখন সবার শীর্ষে, ম্যানচেস্টার সিটি ৪ পয়েন্ট পেছনে। তবে সিটি দুটি ম্যাচ কম খেলেছে। নিজেদের মাঠ অ্যানফিল্ডে লিভারপুল জিতলে তাদের শিরোপার আশা উজ্জ্বল হবে অনেকটাই। সিটি জিতলে তারা আবার এগিয়ে যাবে। সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি তাই মনে করিয়ে দিলেন, ‘এটা হবে আবেগের একটি দিন। কিন্তু যারা মাথা ঠান্ডা রাখতে পারবে ম্যাচটা তারাই জিতবে। বড় ম্যাচে প্রেরণার অভাব হয় না, কিন্তু উদ্বেগটা ঠিকমতো সামলানোই গুরুত্বপূর্ণ।’
রজার্সও ম্যাচটার গুরুত্ব ভালোই বোঝেন। জানেন আজ জিতলে ২৪ বছরের দায় মেটানোর চেষ্টাটা সার্থকতার দিকে এগোবে আরেকটু। কিন্তু সেই ভাবনাটাকে একপাশে সরিয়ে রাখছেন লিভারপুল কোচ, ‘ঘুমটা ভালোই হচ্ছে। ট্রফি নেওয়ার স্বপ্ন দেখছি না। আগে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাই, বাকিটা পরে দেখা যাবে।’
পেলেগ্রিনির জন্য সুসংবাদ, আজ দলে ফেরার কথা সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর। ওদিকে মাইলফলক হাতছানি দিচ্ছে লুইস সুয়ারেজকেও। আজ দুই গোল করলে প্রিমিয়ার লিগে এক মৌসুমে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন। এএফপি।