আবেগেরই মূল্য দিয়েছেন ফেদেরার!
সোনার অতি আকাঙ্ক্ষাই তাহলে কাল হয়ে দাঁড়িয়েছিল রজার ফেদেরারের জন্য? পরশু সোনার স্বপ্ন বিসর্জন দেওয়ার পর ফেদেরার বলেছেন, ফাইনালে অ্যান্ডি মারের কাছে অসহায় আত্মসমর্পণের কারণ, সোনার জন্য বেশি আবেগাক্রান্ত হয়ে পড়েছিলেন তিনি। তাই পারেননি নিজের সেরাটা ঢেলে দিতে।ফেদেরারের ক্যারিয়ারে একমাত্র অপ্রাপ্তি বলতে এই অলিম্পিক এককের সোনাটাই। ২০০০ সিডনি, ২০০৪ এথেন্স, ২০০৮ বেইজিং অলিম্পিক—তিনটি প্রচেষ্টাই ব্যর্থ হয় তাঁর। এবার তাই এককের সোনাটা খুব করে চেয়েছিলেন ফেদেরার। কারণ ৩১ বছর বয়সী সুইস তারকা জানেন, আরেকটি অলিম্পিকে তাঁর যাওয়া হবে না। সোনার আজন্ম হাহাকার মুছে ফেলার এটাই শেষ সুযোগ। একেকটি সিঁড়ি ভেঙে ফাইনালেও উঠে গিয়েছিলেন।কিন্তু পরশু উইম্বলডনের সেন্টার কোর্টে ফেদেরারকে স্রেফ উড়িয়ে দিয়ে ১০৪ বছর পর ব্রিটেনকে প্রথম এককে সোনা উপহার দিয়েছেন মারে। ফাইনালে মারে এতটাই দাপট দেখিয়ে জিতেছেন, মনেই হয়নি ওপাশে খেলছেন ফেদেরার! মারে জিতেছেন সরাসরি তিন সেটে—৬-২, ৬-১, ৬-৪ গেমে! যা বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে ফেদেরারের ক্যারিয়ারের অন্যতম জঘন্যতম হার।ম্যাচ শেষে ফেদেরারই বলেছেন, ‘শারীরিকভাবে আমি ঠিকই ছিলাম। তবে সোনার জন্য আমি হয়তো বেশি আবেগাক্রান্ত হয়ে পড়েছিলাম। বিশ্বাস করুন আর না করুন, প্রথম রাউন্ডের ম্যাচের পর আমার চোখে জল এসে পড়েছিল। ফায়ার বিপক্ষে প্রথম ম্যাচে আমি প্রায় ভেঙেই পড়েছিলাম। কারণ বুঝতে পেরেছিলাম, হারের কতটা কাছে চলে গিয়েছি।’ সেমিফাইনালে আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেল পোত্রোকে হারাতে ওপেন যুগে তিন সেটের দীর্ঘতম ম্যাচ খেলতে হয়েছে, যেটি শেষ হয়েছে ৪ ঘণ্টা ২৬ মিনিটে। স্বাভাবিকভাবেই ওই ম্যারাথন লড়াইয়ে শক্তি ক্ষয় হয়েছিল বেশি। ফেদেরার এ ব্যাপারটিও তুলেছেন, ‘এমন একটা ম্যাচ খেলার জন্য আমি খুশি। যদিও ফাইনালে আমাকে এর মূল্য দিতে হয়েছে।’ যে মারে তিনটি গ্র্যান্ড স্লামের ফাইনালে হেরেছেন ফেদেরারের কাছে, সেই মারের কাছে অবশেষে বড় টুর্নামেন্টের ফাইনালে হেরে ফেদেরার প্রশংসাই করেছেন প্রতিপক্ষের, ‘আমি বলব সে আমার চেয়ে ভালো খেলেছে। আর আমি আমার সুযোগগুলো নষ্ট করেছি। আমি একটাও ব্রেক পয়েন্ট জিততে পারিনি। দোষ আমারই। তবে বারবার সে আমাকে কঠিন পরিস্থিতিতে ঠেলে দিয়েছে।’ এএফপি।