আব্বাস জমিয়ে দিলেন লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধাকে হারিয়ে বাংলাদেশ লিগটা আবার উন্মুক্ত করে দিল শেখ রাসেল ক্রীড়াচক্র। গত সপ্তাহে আবাহনী হেরে বসায় মুক্তিযোদ্ধা পেয়ে গিয়েছিল বাড়তি সুবিধা। কিন্তু কাল শেখ রাসেলের কাছে মুক্তিযোদ্ধার ১-০ হার আবাহনীকেও ফিরিয়ে এনেছে লড়াইয়ে। এমনকি এতে সুবিধা হয়েছে শেখ জামাল এবং পেছনে পড়ে যাওয়া শেখ রাসেলেরও। ১৬ ম্যাচে মুক্তিযোদ্ধার পয়েন্ট ৩৮। সমান ম্যাচে আবাহনীর ৩৫। ১৫ ম্যাচে শেখ জামালের ৩৪, ১৬ ম্যাচে শেখ রাসেলের ৩২। শেখ জামাল ছাড়া বাকি তিন বড় দলের আর ম্যাচ বাকি ছয়টি করে। এই ম্যাচগুলোই নির্ধারণ করে দেবে চতুর্থ বাংলাদেশ লিগ উঠবে কার ঘরে।লড়াইটা জমিয়ে তোলার কৃতিত্ব ঘানাইয়ান স্ট্রাইকার আব্বাস ইউনুসার। তাঁকে ধন্যবাদ জানানো উচিত আবাহনী, শেখ জামালেরও। আব্বাস ম্যাচের একমাত্র গোলটা করেছিলেন ২০ মিনিটে। কর্নার থেকে মুক্তিযোদ্ধার রক্ষণ শৈথিল্যের সুযোগে তাঁর হেড (১-০)।গোল শোধের জন্য মরিয়া হয়েও গোল পেল না মুক্তিযোদ্ধা। আসলে বঙ্গবন্ধু স্টেডিয়ামে দিনটাই খারাপ ছিল তাদের জন্য। সহজ সুযোগ নষ্ট হয়েছে বেশ কিছু। কার্ডের খাঁড়ায় পড়ে খেলতে পারেননি গোলের মধ্যে থাকা স্ট্রাইকার মিঠুন চৌধুরী। আরেক গোল-মেশিন জেমস মগা, বরিস ফাঁকা পোস্টে পেয়েও বাইরে মেরেছেন।শেখ রাসেলও সুযোগ পেয়েছে অনেক। ২-০ করতে না পারলেও একমাত্র গোলটা ৭০ মিনিট ধরে রাখতে পারা কিন্তু কম নয়। কালকের জয়টা রাসেলকে এবার নতুন শক্তি জোগাল। ম্যাচের পর কোচ মাহমুদুল হক সাংবাদিককে তাই পাল্টা প্রশ্নই করে বসলেন, ‘আমরা আবাহনী, শেখ জামালের সুবিধা করতে যাব কেন? আমরা নিজেরাও তো শিরোপা জিততে পারি। এই জয়ে সুবিধা যে আমাদের হয়েছে, সেটা বলছেন না কেন?’লিগে এটি মুক্তিযোদ্ধার দ্বিতীয় হার। দ্বিতীয় ম্যাচে শেখ জামালের কাছে মুক্তিযোদ্ধা ২-০ গোলে হারের পর অপরাজিত থাকা দলটি মাঝে বেশ কয়েকটা বড় জয় পেয়েছে। তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার অর্থ, শিরোপা লড়াইয়ে আবাহনী, শেখ জামালকে পেছনে রেখে দুরন্ত গতিতে এগিয়ে যাওয়ার সুযোগটা হাতছাড়াই হয়ে গেল তাদের।মুক্তিযোদ্ধা শিবির তাই হতাশ। কয়েকজন খেলোয়াড় বাজে বেফারিংয়ের অভিযোগ তুলেছেন। কোচ মারুফুল হক অবশ্য স্ট্রাইকারদের গোস মিসকেই দায়ী করেছেন। প্রথম পর্বে এই রাসেলকে ৩-০ গোলে উড়িয়ে দেওয়ার পর ফিরতি পর্বে হার হতেই পারে—এই ছিল তাঁর প্রতিক্রিয়া। ফুটবলে যে কখন কী হয় কে বলতে পারে! নইলে কি আর উজ্জীবিত হওয়ার সুযোগ পায় আবাহনী কিংবা শেখ জামাল!আজকের খেলা: শেখ জামাল-ফরাশগঞ্জ (বঙ্গবন্ধু স্টেডিয়াম, ৪-১৫ মি.)।