আমন্ত্রণ পাওয়ার ২০ দিন পর অনুশীলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসপোর্ট বানাতে হবে, তাই হাতে ছবি নিয়ে অপেক্ষায় ছেলেগুলো। বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া এই কিশোরদের চোখেমুখে দেশের বাইরে খেলতে যাওয়ার আনন্দের আভা। অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ২৯ জুলাই নেপালে যাচ্ছে বাংলাদেশের এই কিশোর ফুটবলাররা। সার্কভুক্ত আটটি দেশের অংশগ্রহণে নেপালের কাঠমান্ডুতে আগামী ১-১০ আগস্ট প্রথমবারের মতো বসছে অনূর্ধ্ব-১৬ সাফ চ্যাম্পিয়নশিপের আসর।প্রথমবারের মতো দেশের বাইরে কোনো টুর্নামেন্টে খেলতে যাচ্ছে ভেবে দারুণ খুশি পতেঙ্গা উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র দিদারুল আলম, ‘খুবই ভালো লাগছে। কায়সার স্যার (সহকারী কোচ) যখন ফোনে জানালেন, ট্রায়ালে টিকেছি, তখন আনন্দে নেচে উঠেছিলাম।’ দিদারের মতো বেশির ভাগ ফুটবলারই প্রথমবার দেশের বাইরে খেলতে যাচ্ছে।বাফুফের টেকনিক্যাল ডিরেক্টর আবু জোবায়ের জানালেন, ‘সারা দেশ থেকে জেএফএ কাপ ফুটবলের পারফরম্যান্স দেখে এদের নেওয়া হয়েছে। ১১ জুলাই প্রায় ২০০ ফুটবলারের উন্মুক্ত ট্রায়াল থেকে ২৭ জনকে বেছে নেওয়া হয়েছে।’ প্রাথমিক দলে ২৭ জন ডাক পেলেও ২০ জন যেতে পারবে নেপালে। অনুশীলনের জন্য অবশ্য খুব বেশি দিন সময় পাচ্ছে না এরা। মাত্র এক সপ্তাহ কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুশীলন করবে। অনুশীলন নিয়ে তাই সন্তুষ্ট হতে পারছেন না আবু জোবায়ের, ‘এত অল্প সময়ের অনুশীলনে ভালো ফল আশা করা যায় না। আমরা এই টুর্নামেন্টে আমন্ত্রণই পেয়েছি ২ জুলাই।’ আমন্ত্রণ এসেছে ২ জুলাই, তারপর কেটে গেছে ১৯ দিন। এই ১৯টি দিন কেন নষ্ট হলো? জোবায়ের জবাব দেবেন, না বাফুফে?