আমন্ত্রণমূলক জাতীয় হ্যান্ডবল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত এপ্রিলে হয়েছে বাংলাদেশ গেমস। এ বছরে তাই নতুন করে জাতীয় প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা ছিল না ফেডারেশনের। তবে খেলার ধারাবাহিকতা ধরে রাখতে প্রথমবারের মতো আমন্ত্রণমূলক জাতীয় হ্যান্ডবলের আয়োজন করছে ফেডারেশন। পল্টন হ্যান্ডবল স্টেডিয়ামে পুরুষদের এই টুর্নামেন্ট শুরু হবে ৬ জুলাই। এবারের টুর্নামেন্টে তিনটি গ্রুপে ভাগ হয়ে খেলবে—বিজিবি, পুলিশ, চট্টগ্রাম মহানগর, চাঁপাইনবাবগঞ্জ, যশোর, কুষ্টিয়া, ময়মনসিংহ, মাদারীপুর, সুনামগঞ্জ ও চুয়াডাঙ্গা। গ্রুপ পর্বের সেরা তিনটি দল নিয়ে হবে সুপার থ্রি। ৮ জুলাইয়ের ফাইনাল সরাসরি সম্প্রচার করবে এটিএন বাংলা। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটন। সেরা খেলোয়াড়কে ওয়ালটনের পক্ষ থেকে একটি মোবাইল ফোন দেওয়া হবে। আর ট্রফিসহ চ্যাম্পিয়ন দল পাবে একটি এলইডি টেলিভিশন। কাল সংবাদ সম্মেলনে এই তথ্যগুলো জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।