তা রা র ক থা কার্লোস তেভেজ আর্জেন্টিনা বিশ্বকাপে দলগুলোর সম্ভাবনা নিয়ে শুরু হয়ে গেছে তর্কবিতর্ক, বেটিং হাউসগুলোও ভীষণ ব্যস্ত। ওদিকে না তাকিয়ে বরং বিভিন্ন দলের তারকা ফুটবলারের মুখেই শোনা যাক তাঁদের সম্ভাবনার কথা। নতুন এই নিয়মিত আয়োজনে আজ বলছেন আর্জেন্টাইন স্ট্রাইকার কার্লোস তেভেজ
আমরা অনেক দূর যেতে পারি
আমি নিশ্চিত, দক্ষিণ আফ্রিকায় আসল আর্জেন্টিনাকে দেখা যাবে। বেশ কিছু কারণে বাছাইপর্বে আমরা ভালো করতে পারিনি। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা বাছাইপর্ব উতরে গেছি, কীভাবে গেছি, সেটি ব্যাপার নয়। আমি বিশ্বাস করি, আমাদের দারুণ সম্ভাবনা আছে, আরও কিছুদিন অনুশীলন করলে সবকিছুই বদলে যাবে। টানা ১৫ ঘণ্টা ভ্রমণের পর দুই দিন অনুশীলন করে ম্যাচ খেলাটা কখনো কখনো কঠিন, খুব কঠিন। তবে মাসখানেক একসঙ্গে অনুশীলন করাটা ভিন্ন ব্যাপার। আমাদের আছে লিও মেসি, যে এই মুহূর্তে বিশ্বসেরা ফুটবলার। আরও কিছু অসাধারণ ফুটবলার আছে আক্রমণভাগে।বরাবরের মতোই আমার একমাত্র লক্ষ্য জাতীয় দলকে সাহায্য করা। ম্যারাডোনা যদি মনে করেন, দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ যখন ক্লান্ত হয়ে পড়বে, আমি তখন খেললেই দলের বেশি কাজে লাগবে, তাহলে আমি মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব। আমি সব সময়ই জাতীয় দলের হয়ে খেলতে চাই, আর চাই, ২০০৬ জার্মানি বিশ্বকাপের ব্যর্থতাটা পুষিয়ে নিতে। ওই বিশ্বকাপে আমাদের অনেক দূর যাওয়া উচিত ছিল, আমার ধারণা, এবারও আমরা অনেক দূর যেতে পারি।আমার মনে হয় না আমরা ফেবারিট। আমার চোখে স্পেন ও ব্রাজিলই বরং ফেবারিট। আমাদের এখনো অনেক উন্নতি করতে হবে এবং আমার বিশ্বাস, আমরা তা করতে পারব। বিশ্বকাপের মতো টুর্নামেন্টে উন্নতি করা ও প্রয়োজনের সময় নিজেদের মেলে ধরা খুব গুরুত্বপূর্ণ। ভোগান্তি আমাদের যেটুকু গেছে, তা এখন অতীত। কোয়ালিফাই করার পর আমি ম্যারাডোনার সঙ্গে কথা বলেছি। তিনি জানেন, বুয়েনস এইরেসের অনন্ত চাপ মাথায় নিয়ে ভালো খেলা কঠিন। আমরাও তো স্বস্তিতে থাকতে পারিনি, কিন্তু সেটা এখন অতীত। ব্যাকরুম স্টাফদের সমস্যাটা আমাদের প্রভাবিত করেনি। তারা অনেক পরিণত, নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারে। সবকিছু মাঠেই নির্ধারিত হয়, এ জন্য আমাদের সেরা ফর্মে থাকতে হবে।