আমরা কখনোই হাল ছাড়ি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টেইন–গান
স্টেইন–গান

আর মাত্র দুটি ম্যাচ! উত্তেজনাটা টগবগ করছে, প্রত্যাশার পারদটা চড়ছে চড়চড় করে। ঠিক এ কারণেই আমরা ক্রিকেট খেলি। বড় উপলক্ষের চাপের সঙ্গে সবাই যে যার মতো মানিয়ে নেয়। যারা এই চাপ-উত্তেজনাকে উপভোগ করতে পারে না, বুঝতে হবে তারা ভুল জায়গায় আছে।
অনেক দিন ধরেই আমরা বিশ্বকাপ নিয়ে ভাবছি। বিশেষ করে গত ১৮ মাসে যতগুলো ওয়ানডে খেলেছি সে সময়ে তো বটেই। ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করেছি। আলোচনা করেছি ভবিষ্যতে এ রকম মুহূর্তগুলো কীভাবে সামলাব, কীভাবে ওই মুহূর্তগুলোর সঙ্গে মানিয়ে নেব, তা নিয়েও।
আমরা চেষ্টা করেছি ‘জিততেই হবে’ এমন পরিস্থিতি তৈরি করার। অবশ্য সিরিজ মীমাংসা হয়ে যাওয়ার পরই ওই পরীক্ষা-নিরীক্ষায় যাওয়া। কিন্তু ওটা ছিল অসম্ভব এক কাজ, কারণ বিশ্বকাপ সেমিফাইনালের আবহ কি চাইলেই বানানো যায়? তবে আমরা সর্বোচ্চ চেষ্টাই করেছি এবং ভাগ্যক্রমে আমরা ওই ম্যাচগুলো জিতেছিও।
নিখুঁত ম্যাচ বলতে কিছু নেই। এমনকি সবকিছু দলের পক্ষে গেলেও এমন কিছু মুহূর্ত আসবেই যখন আপনাকে কর্তৃত্ব পুনরুদ্ধার করতে হয়। বিশেষ করে প্রতিপক্ষ যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। সৌভাগ্যবশত, যখন সবকিছু পরিকল্পনামতো হয় না এবং অনেক চড়াই-উতরাই পেরোতে হয় তখনই দক্ষিণ আফ্রিকার এই দলটা সবচেয়ে ভালো খেলে। আমরা অনেক ম্যাচই সহজে জিতেছি, কিন্তু গর্বের সঙ্গে মনে পড়ে সেসব ম্যাচের কথা যেগুলো আমরা কঠিন পরিস্থিতি পার করে জিতেছি। প্রতিপক্ষ যখন ১ উইকেটে ১৫০ রান করে ফেলে, সেই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো অবশ্যই স্বস্তির। আমরা কখনোই হাল ছেড়ে দিই না।
কোনো সন্দেহ নেই সেরা চার দলই সেমিফাইনালে উঠেছে। ভারত ও নিউজিল্যান্ড এখনো অপরাজিত, অস্ট্রেলিয়া হেরেছে একটি ম্যাচে। আমরা হেরেছি দুটিতে। তাহলে আমরাই কি আন্ডারডগ? আমি পরোয়া করি না। কোনো তকমাই আমাকে বিচলিত করে না। ফেবারিট বলুন কিংবা আন্ডারডগ, তাতে কী আসে যায়!
গত কয়েক মাস, কয়েক বছরে কী হয়েছে সেসবের কোনোই মূল্য নেই। আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ কয়েকটা ম্যাচ বড় ব্যবধানে জিতেছি। কিন্তু ক্রাইস্টচার্চে সর্বশেষ প্রস্তুতি ম্যাচটা কিন্তু নিউজিল্যান্ডই জিতেছে। ওই ম্যাচগুলোর তুলনা টানা এখন অবান্তর। আজ ১১ জনের বিপক্ষে ১১ জন খেলবে। দুদলের একাদশই দারুণ শক্তিশালী। গত সোমবার ব্রেন্ডন ম্যাককালাম যেমন বলল দুদলের শক্তির ব্যবধান সামান্যই। ফাইনালে উঠি অথবা বাড়ি ফিরে যাই, যা-ই হোক না কেন ম্যাচের পর আমরা করমর্দনই করব, একে অন্যকে শুভেচ্ছা জানাব। আমরা জিতলে ভ্রমণটা আরেকটু লম্বা হবে।
ইডেন পার্ক দর্শকে ঠাসা থাকবে, পরিবেশও থাকবে টান টান উত্তেজনার। সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীরাই সেটা দেখতে পারবেন। দ্বিতীয় সেমিফাইনালটা তো আরও উত্তেজনার। ভারত বনাম অস্ট্রেলিয়া, স্বাগতিক বনাম বর্তমান চ্যাম্পিয়ন। আমি এবার টেলিভিশনে খুব বেশি ম্যাচ দেখিনি, কিন্তু ওই ম্যাচটা দেখব।
তবে বরাবরের মতোই বলি, ক্রিকেট খেলাটা জীবন-মরণের কোনো ব্যাপার নয়। অবশ্য ও রকম ভেবে খেললেও দোষের কী! আমরা জানপ্রাণ দিয়েই খেলব, তবে ম্যাচ শেষে আবার করমর্দন ও আলিঙ্গনও করব। এমসিজির ফাইনালে ভারতের বিপক্ষে প্রতিশোধের সুযোগ পেলে মন্দ হয় না! (গেমপ্ল্যান)

আজকের খেলা
প্রথম সেমিফাইনাল
নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা
(সকাল ৭টা, অকল্যান্ড)