কোনো দলকে যে খাটো করে দেখা উচিত নয়, আয়ারল্যান্ড সেটিই দেখিয়ে দিল। এখন থেকে সব দলই আরও সতর্ক হয়ে খেলবে। আমাদের দিক থেকে বলতে পারি, বাংলাদেশের বিপক্ষে আমাদের আজকের ম্যাচটি তাই আরও গুরুত্বপূর্ণ হয়ে গেল। গত বিশ্বকাপেই ওরা ভারতকে হারিয়েছে। ওদের হালকাভাবে নেওয়ার ভুল করলে চলবে না। এটা আমাদের জন্য জিততেই হবে এমন একটা ম্যাচ। গ্রুপের সেরা চার দলের একটি হয়ে কোয়ার্টার ফাইনালে যেতে চাইলে এটাই একমাত্র উপায়।বড় দল বধের অভ্যাসটা আইরিশরা এই বিশ্বকাপেও টেনে আনল। গত বিশ্বকাপে ওরা সবাইকে চমকে দিয়েছিল পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে উঠে। এবার তো ওরা হারাল ইংল্যান্ডকে, যেটি টুর্নামেন্টের চেহারাই পাল্টে দিল। দারুণ একটা ম্যাচ ছিল। পুরো কৃতিত্বই আইরিশদের দেব। এত বড় রান তাড়া করা মোটেও সহজ কাজ নয়।অবশ্য এমন নয় আমরা এখনই পয়েন্ট নিয়ে মাথা ঘামাচ্ছি বেশি। আমরা বরং নিশ্চিত করতে চাইছি, দলের সবাই যেন ভালো ক্রিকেট খেলে। একটা ভালো দলের মধ্যে যে আত্মবিশ্বাস থাকে সেটি হল্যান্ডের বিপক্ষে আমাদের মধ্যে ছিল। আশা করি, সেটি সামনের দিনগুলোতেও থাকবে। গত ম্যাচে টপ-অর্ডার ভালো খেলেছে। আমি নিজেও কিছু রান পেয়েছি। বোলাররাও তাদের কাজ ভালোমতো করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আজ আমরা মাঠে নামব আমাদের পারফরম্যান্স আরও ভালো করার লক্ষ্য নিয়ে। চেষ্টা করব, সেই লক্ষ্য যেন পূরণ হয়।সেদিক দিয়ে বলতে গেলে আমাদের ওপরে আসলে কোনো চাপ নেই। কারণ আমরা তো জানিই এ ম্যাচে ভালো করতে হলে আমাদের কী কী করতে হবে। তবে আজ কিন্তু দুটো লড়াকু দল মুখোমুখি হচ্ছে। কোনো দলই কাউকে সামান্যতম ছাড় দেবে না। বাংলাদেশ নিজেদের মাঠে খেলবে। ওদের পক্ষে থাকবে বিশাল সমর্থন। যেটি তাদের জন্য বাড়তি প্রেরণার। তবে একই সঙ্গে এই সমর্থন ওদের জন্য চাপও হয়ে যেতে পারে।যদি ম্যাচের কৌশলগত দিক নিয়ে জিজ্ঞাসা করেন, আমি বলব, অপ্রত্যাশিত যেকোনো কিছুর জন্যই আমরা তৈরি। বাংলাদেশ যদি আমাদের চমকে দিতে চায়, আমরাও ওদের চমকে দেব পাল্টা আক্রমণ করে। একটা জিনিস অবশ্য আমাদের জানাই আছে। ওরা স্পিননির্ভর আক্রমণ সাজাবে। সেটার জন্য আমরা পুরোপুরি প্রস্তুত। ওদের বেশির ভাগ খেলোয়াড়ের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। আমরা জানি, ওদের কার তূণে আছে কোন তীর। আমাদের শুধু নিশ্চিত করতে হবে, কোনো ভুল আমাদের করা যাবে না।কন্ডিশনের পরিবর্তন, আবহাওয়া আমাদের জন্য বড় প্রভাবক হয়ে দাঁড়াবে। দিল্লির চেয়ে এখানে তুলনামূলক গরম বেশি দেখছি। আবহাওয়ার পরিবর্তন আর টানা ভ্রমণের ধকল আছে। আমার নিজেরই যেমন এ ধরনের আবহাওয়ায় একটু অস্বস্তি হয়। সাইনাসের হালকা সমস্যায়ও ভুগছি। শুশ্রূষা চলছে অবশ্য। আজ ম্যাচ শুরুর আগেই সবকিছু ঠিক হয়ে যাবে আশা করি। আশা করি, আমি আমার সেরাটাই দেব।