আমরা দল হিসেবে ব্যর্থ: ধোনি
এমনটা হওয়ার কথা ছিল না। ওয়ানডে বিশ্বকাপজয়ী ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ফেবারিট হিসেবেই শুরু করেছিল। গ্রুপ পর্যায়ে আফগানিস্তান ও ইংল্যান্ডকে হারিয়ে সুপার এইটে উঠে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকাকে হারিয়েও সেমিফাইনালে খেলা হলো না ধোনিদের। সুপার এইটে অস্ট্রেলিয়ার সঙ্গে শোচনীয় এক পরাজয়েই নস্যাত্ হয়ে গেল ওয়ানডের পর দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের স্বপ্ন। রানরেটের হিসেবের প্যাঁচে পড়ে ভারতের এই বিদায় দুঃখজনক হলেও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেন, এটি পুরো দলের দলগত ব্যর্থতা।তিনি বলেন, ‘এই প্রতিযোগিতায় আমরা একটি দল হয়ে খেলতে পারিনি। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং—এই তিন বিভাগে কখনোই একসঙ্গে জ্বলে উঠতে পারিনি।’ধোনির মতে, এই প্রতিযোগিতার কোনো ম্যাচেই বোলিং-ব্যাটিং-ফিল্ডিং একসঙ্গে ক্লিক করেনি। কোনোদিন ব্যাটিং ভালো করলেও বোলিং খারাপ হয়েছে, আবার কোনো দিন ঘটেছে এর উল্টো ব্যাপার। ফিল্ডিংও কোনো ম্যাচে সর্বোচ্চ মানে যেতে পারেনি।তবে এই প্রতিযোগিতা ভারতের সামগ্রিক পারফরম্যান্সে নিজের সন্তুষ্টিই প্রকাশ করেছেন কপিল দেবের পর ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া দ্বিতীয় ভারতীয় অধিনায়ক।ধোনি বলেন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিই আমাদের জন্য দুর্ভাগ্য ডেকে এনেছে। ওই ম্যাচে আমাদের ইনিংসের পর বৃষ্টি নামায় বোলাররা সমস্যায় পড়েছিল। তিনি আরও বলেন, ‘নিজেদের খেলার ওপর নিয়ন্ত্রণ থাকতে পারে, কিন্তু অন্য দলের পারফরম্যান্সের ওপর কোনো নিয়ন্ত্রণ আনা কারও পক্ষে সম্ভব নয়। আমরা এবার ঠিক এই দুর্ভাগ্যের মধ্যেই নিজেদের আবিষ্কার করেছি।’ তিনি আরও বলেন, ‘আমাদের দলের ব্যাটসম্যানরা নিয়মিতভাবে পারফরম করতে ব্যর্থ হয়েছে। তারা ধারাবাহিকভাবে ভালো খেলতে পারেনি। প্রতিটি ম্যাচেই দেখা গেছে আমরা ১০-১৫ রান কম করেছি। রান তাড়া করতে গিয়েও উইকেট হারিয়েছি বেশি।’ধোনি বলেন, ‘আমরা দল হিসেবে ব্যর্থ। দেশের মানুষ আমাদের এই ব্যর্থতায় দুঃখ পেয়েছে। আমরা আমাদের প্রস্তুতিতে সন্তুষ্ট ছিলাম। কিন্তু দেখা গেল সেই প্রস্তুতিতে ঘাটতি ছিলই।’ টিএনএন।