আমরা পুরোপুরি ধরাশায়ী হয়েছি: ক্লার্ক
ভারত সফরের প্রথম টেস্টে রীতিমতো ধরাশায়ীই হয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ময়েজেস হেনরিকসের অপরাজিত ৮১ রানের সুবাদে ইনিংস ব্যবধানে হারের লজ্জা এড়াতে পারলেও বেশ হতাশাজনকভাবেই হার মেনে নিতে হয়েছে ক্লার্ক বাহিনীকে। আজ চেন্নাই টেস্টে ৮ উইকেটে হারের পর অসি অধিনায়ক মাইকেল ক্লার্কও সে কথা স্বীকার করে নিয়েছেন। ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দুর্দান্ত ডাবল সেঞ্চুরিটিই অস্ট্রেলিয়ার হারের ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছে বলেও মন্তব্য করেছেন ক্লার্ক।চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৩৮০ রানের জবাবে ৫৭২ রান সংগ্রহ করে ভারত। অধিনায়ক ধোনি খেলেন ২২৪ রানের দুর্দান্ত এক ইনিংস। তাঁর সঙ্গে বিরাট কোহলির সেঞ্চুরি ও শচীন টেন্ডুলকারের ৮১ রানের ইনিংসের সুবাদে প্রথম ইনিংসে ১৯২ রানের লিড পায় স্বাগতিকরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিন ভারতীয় স্পিনার রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা ও হরভজন সিংয়ের দুর্দান্ত বোলিংয়ে মুখে মাত্র ২৪১ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। ৫০ রানের অনায়াস লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ৮ উইকেটের সহজ জয় তুলে নেয় স্বাগতিক ভারত। চেন্নাই টেস্টে যে অস্ট্রেলিয়া রীতিমতো ধরাশায়ী হয়েই হার স্বীকার করেছে, সেটা খোলাখুলিই মেনে নিয়েছেন অসি অধিনায়ক মাইকেল ক্লার্ক। ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘ভারত আমাদের চেয়ে অনেক ভালো খেলেছে। মহেন্দ্র সিং ধোনি একেবারে সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন। আর বিরাট কোহলিও দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছেন, তবে ধোনির দ্বিশতকটাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।’নিজেদের এই হতাশাজনক হারের পেছনে ধোনি-কোহলি ছাড়াও রবিচন্দ্রন অশ্বিনের কথা আলাদাভাবে উল্লেখ করেছেন ক্লার্ক। দুই ইনিংস মিলিয়ে ১২টি উইকেট শিকার করে অসি ব্যাটসম্যানদের নাজেহাল করে দিয়েছেন এই ডানহাতি অফস্পিনার। অন্যদিকে, অস্ট্রেলিয়া মাঠে নেমেছিল মাত্র একজন স্পিনার নিয়ে। ভারতের স্পিনবান্ধব উইকেটের কথা বিবেচনা করে দ্বিতীয় টেস্টে দুজন স্পিনার নিয়ে দল গঠন করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে ক্লার্ক বলেছেন, ‘এই টেস্টের আগেও আমাদের এ রকম করার সুযোগ ছিল। কিন্তু আমরা আগে হায়দরাবাদের উইকেট দেখে তারপর সিদ্ধান্ত নেব।’আগামী ২ মার্চ থেকে হায়দরাবাদে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচ।— পিটিআই