আমরা ম্যাচ পাতাইনি: ক্লার্ক
গত সোমবার লন্ডনে সালমান বাট, মোহাম্মদ আসিফ ও মোহাম্মদ আমিরের স্পট ফিক্সিং কেলেঙ্কারির শুনানির সময় অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বিরুদ্ধেও ম্যাচ পাতানোর অভিযোগ এনেছিলেন জুয়াড়ি মাজহার মজিদ। তবে এ ধরনের অভিযোগ একেবারেই সঠিক নয় বলে স্পষ্টই জানিয়ে দিয়েছেন মাইকেল ক্লার্ক। কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটারই যে এ ধরনের অনৈতিক কাজের সঙ্গে জড়িত নয়, তা বেশ দৃঢ়তার সঙ্গেই বলেছেন এই অসি অধিনায়ক।আজ দক্ষিণ আফ্রিকা সফরের জন্য যাত্রা শুরু করার আগে ক্লার্ক সাংবাদিকদের বলেছেন, ‘আমার সময়ে আমি কখনোই এ ধরনের ম্যাচ পাতানোর ব্যাপারে কাউকে জড়িত হতে দেখিনি। কিছু সময় আমাদের কাছে এ ধরনের প্রস্তাব এসেছে। কিন্তু সেটা সঙ্গে সঙ্গেই আমাদের টিম ম্যানেজার ও আইসিসিকে জানানো হয়েছে। আমরা এসব অনৈতিক কাজের ব্যাপারে খুবই সতর্ক আছি। আমরা জানি যে চারদিকে কী হচ্ছে। কিন্তু আমি খুব ভালো মতোই জানি, আমি বা কোনো অস্ট্রেলিয়ান ক্রিকেটারই ম্যাচ পাতানোর সঙ্গে জড়িত নয়।’ রয়টার্স।