আমরা হয়তো ‘অলস’ হয়ে পড়েছিলাম: ওয়াকার
সিরিজ নিশ্চিত হয়েছিল আগেই। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ শনিবার অনুষ্ঠিত শেষ ওয়ানডেতে হেরে গেছে পাকিস্তান। আর এ হারের পেছনে নিজেদের ‘অলসতাকে’ দায়ী করছেন পাকিস্তানের কোচ ওয়াকার ইউনুস।‘আমরা আজ আমাদের সেরাটাই চেষ্টা করেছি। কিন্তু তা কাজে আসেনি। আসলে সিরিজ জয়ের পর খেলায় আগের মতো মনোনিবেশ করা কঠিন। আমরা হয়তো অলস হয়ে পড়েছিলাম’—ম্যাচে শেষে ওয়াকার ইউনুসের প্রতিক্রিয়া।ফাস্ট বোলারদের কাছ থেকে সহায়তা পাওয়ার আশায় টসে জিতে অকল্যান্ডে ফিল্ডিং নিয়েছিল পাকিস্তান। কিন্তু সে আশায় গুঁড়েবালি। জেসি রাইডারের সেঞ্চুরিতে ৩১১ রানের বিশাল সংগ্রহ গড়ে নিউজিল্যান্ড। জবাবে ২৫৪ রানে অলআউট পাকিস্তান।ওয়াকার বলেন, ‘আমরা ভালো রানই তুলতে যাচ্ছিলাম। কিন্তু যতবার ভালো কিছু পাওয়ার সম্ভাবনা জেগেছে, ততবারই উইকেটের পতন! আমরা বোলিং করার সময় ওরা ভালো ব্যাটিং করেছে। এ জয়টা তাই ওদের প্রাপ্য ছিল।’ ক্রিকইনফো।