আমরা ‘অস্পৃশ্য’ নই: আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালে আইপিএলের প্রথম আসরে অংশ নিয়েছিলেন শহীদ আফ্রিদিসহ মোট ১১ জন পাকিস্তানি ক্রিকেটার। কিন্তু মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর আইপিএলের পরের দুটি আসরে খেলতে আসেননি আফ্রিদিরা। শুধু আইপিএলেই না, ২০০৮ সালের পর ভারতের মাটিতে কোনো সিরিজও খেলতে আসেননি তাঁরা। তবে এবার ভারতের মাটিতে বিশ্বকাপ সেমিফাইনালে খেলার পর আবারও এই টি-টোয়েন্টি আসরে অংশ নেওয়ার আগ্রহ পোষণ করেছেন এ পাকিস্তানি অলরাউন্ডার। তবে আইপিএলের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ না করায় কিছুটা দুঃখই পেয়েছেন আফ্রিদি। বিসিসিআই যেন পাকিস্তানি ক্রিকেটারদের ‘অস্পৃশ্য’ হিসেবে না দেখে, সেই আহ্বানও জানিয়েছেন তিনি।করাচিতে এক সংবাদ সম্মেলনে আফ্রিদি বলেছেন, ‘পাকিস্তানি ক্রিকেটারদের এখন আইপিএলে খেলা উচিত ছিল। এবারেরটাসহ আমরা আইপিএলের মোট তিনটি আসরে অংশ নিতে পারিনি। আমাদের ভারতে গিয়ে খেলতে কোনো অসুবিধা নেই। বিশ্বকাপের সেমিফাইনালটা তো আমরা সেখানেই খেললাম। আইপিএল কর্তৃপক্ষ যে আমাদেরকে “অস্পৃশ্য” হিসেবে বিবেচনা করছে, এতে আমরা খুবই কষ্ট পেয়েছি।’পাকিস্তানি জনগণও আইপিএলে তাদের দেশের কোনো ক্রিকেটারকে দেখতে না পাওয়ায় মনে মনে কষ্ট পেয়েছে বলেও মন্তব্য করেছেন আফ্রিদি। আইপিএল তরুণ ক্রিকেটারদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম হতে পারে বলে মনে করছেন তিনি। বলেছেন, ‘বলছি না যে আমি আইপিএলে খেলতে চাই। কিন্তু তরুণ ক্রিকেটাররা এখানে নিজেদের যোগ্যতা প্রমাণের ভালো সুযোগ পেতে পারে।’ টাইমস নিউজ নেটওয়ার্ক।