আমরা ‘বিরক্তিকর’ নই: জাভি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছোট ছোট পাস। ‘টিকি-টাকা’ স্টাইলে খেলতে খেলতে একটা বিরক্তিকর দলে পরিণত হয়েছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। অভিযোগটা সমালোচকদের। তবে এই সমালোচনাকে উড়িয়ে দিয়েছেন স্পেনের তারকা প্লে-মেকার জাভি হার্নান্দেজ।গত ইউরো ও বিশ্বকাপে স্পেনের ‘টিকি-টাকা’ ধরন খুবই জনপ্রিয়তা পেয়েছিল। এবারের ইউরোয় একইভাবে খেলেই ফাইনালের মঞ্চে এসেছে স্প্যানিশরা। সন্দেহ নেই, আজ রাতে অনুষ্ঠেয় ফাইনালেও নিজেদের স্টাইল ধরে খেলবে স্পেন।জাভি বলেছেন, ‘আমরা বিরক্তিকর দল নই। দলের সব খেলোয়াড়ই জানেন, কীভাবে খাপ-খাওয়াতে হয়, খেলতে হয়। এটা গুরুত্বপূর্ণ যে আমাদের সমর্থকেরা আমাদের খেলার ধরনটা বুঝতে পেরেছে। ওরা এটাকে উপভোগ করে, আমরাও করি।’জাভি মনে করেন, ‘টিকি-টাকা’ স্টাইল তাঁর ক্যারিয়ারকে বাঁচিয়ে দিয়েছে। মিডফিল্ডে যখন শারীরিক সক্ষমতাই এখন প্রধান হয়ে দাঁড়িয়েছে, তখন এই স্টাইল অনেক কাজে দিয়েছে তাঁকে। জাভি জানান, ‘টিকি-টাকা’ স্টাইলে প্রথম তিনি খেলেছেন বার্সেলোনায়। এর পর স্পেন দলে। এই স্টাইলের কারণে নিজের বর্তমান অবস্থানে আসতে পেরেছেন জানিয়ে জাভি বলেন, ‘আমি সত্যিই ভাগ্যবান।’স্পেন বিরক্তিকর দল—এমন অভিযোগ মানতে নারাজ ইতালির কোচ সিজার প্রানদেল্লিও। ইউরোর ফাইনালে ইতালির শ্বাসরোধ করার সর্বোচ্চ চেষ্টাটাই যে স্পেন করবে, এটাও স্বীকার করে নিয়েছেন তিনি।প্রানদেল্লি বলেন, ‘সত্যি বলতে, অন্য দলগুলো স্পেনের ভয়ে ভীত। ওদের বিপক্ষে সবাই রক্ষণাত্মক খেলা খেলে। স্পেন মোটেও বিরক্তিকর দল নয়। ওদের সঙ্গে পেরে ওঠা কঠিন।’ইতালি কোচ বলেন, ‘ফাইনালে একই রকম স্পেনকে প্রত্যাশা করছি আমি। যে দলটা প্রতিপক্ষকে শ্বাসরোধ করে মারে। যে দলটা সহজে গোল খায় না।’স্পেনের প্রশংসা করে প্রানদেল্লি বলেন, ‘স্ট্রাইকার ছাড়া খেললেও বেশ গভীর থেকে আক্রমণ চালায় স্পেন। দলটা আধুনিক। ওদের খেলার ধরনটা পছন্দ করি আমি।’ রয়টার্স।