আমলা আনলেন ওয়ানডেরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল এখন ক্লাসের সেই ভালো ছাত্রটির মতো, প্রতিবার যে শুধু পরীক্ষায় ফার্স্টই হয় না, বিতর্ক প্রতিযোগিতায়ও প্রথম হয়, ভালো গান বা নাটকও করে! দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল যে আক্ষরিক অর্থেই সেরা ‘অলরাউন্ডার’ হয়ে উঠল! টি-টোয়েন্টির র‌্যাঙ্কিংয়ে তারা আগেই এক নম্বরে ছিল। এবার ইংল্যান্ডকে তাদের মাটিতে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে হারিয়ে টেস্টের এক নম্বর জায়গাটি দখল করেছে। আর পরশু সাউদাম্পটনের রোজ বোলে ইংল্যান্ডকে ৮০ রানে হারিয়ে তারা উঠে গেল ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষেও!টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি—তিন ধরনের ক্রিকেটেই এখন তারা এক নম্বর দল। আর কোনো দলই আগে এই কৃতিত্ব দেখাতে পারেনি। অনন্য সেই কীর্তিই প্রোটিয়ারা করে দেখাল হাশিম আমলার সৌজন্যে। একগাল দাড়িওয়ালা ভদ্রলোকের ব্যাটে আলোর ফোয়ারা ছুটছেই। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে করেছিলেন সেঞ্চুরি। পরশু ব্যাট হাতে নেমেই সেঞ্চুরি করলেন আবারও। সেটিও তাঁর ওয়ানডে ক্যারিয়ার-সেরা। ১৫০ রানের এই ইনিংসটি খেলার পথে আমলা ভেঙে দিয়েছেন ভিভ রিচার্ডসের ২৮ বছর ধরে টিকে থাকা একটি রেকর্ড। ওয়ানডেতে দ্রুততম ৩০০০ রানের মালিক এখন আমলা। ভিভের মতো মারকুটে ব্যাটসম্যানের তিন হাজার রানের মাইলফলক পেরোতে লেগেছিল ৬৯ ইনিংস। সেখানে আমলার লাগল মাত্র ৫৭!ওপেন করতে নেমে ইনিংস শেষের মাত্র দুই বল আগে আউট হওয়া আমলার ইনিংসটির সৌজন্যেই ৫ উইকেটে ২৮৭ করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ইয়ান বেলের সেই গতিশীল ৪৫ রানের ইনিংসটি বাদে আর কখনোই মনে হয়নি, ইংল্যান্ড আসলে জয়ের পিছে ছুটছে। অথচ এই ইংল্যান্ডই আগের ১০টি ওয়ানডে জিতেছে টানা! ৪০.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয়ে টেস্টের পর এবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের মুকুটও দক্ষিণ আফ্রিকাকে সমর্পণ করল ইংলিশরা। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ওয়ানডেটি ওভালে। মাত্রই কিছুদিন আগে এই মাঠে আমলা প্রথম প্রোটিয়া ব্যাটসম্যান হিসেবে টেস্টে ট্রিপল সেঞ্চুরি করেছেন। নিশ্চয়ই এ মাঠে নামার জন্য উন্মুখ হয়ে আছেন তিনি? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ‘নিজের চেয়ে দল বড়’ দর্শনে বিশ্বাসী আমলা বললেন, ‘আমরা সবাই এ মাঠে খেলার জন্য মুখিয়ে আছি। এখানে আমাদের দারুণ কিছু স্মৃতি আছে। তবে এবারের ম্যাচটি ভিন্ন। পরিস্থিতিও ভিন্ন। দেখা যাক কী হয়।’একটাও ছক্কা হাঁকাননি। তবে ১৫০ রানের ইনিংসটি খেলতে লেগেছে ১২৪ বল। আছে ১৬টি চার, যেগুলোর বেশ কয়েকটিই এসেছে আমলার ধ্রুপদ সংগীতের মতো করে। রোজ বোলের উইকেটে ব্যাট করা সহজ নয়। স্পিনারদের বন্ধু এই উইকেটে ব্যাটসম্যান আমলাকে অবশ্য খুব একটা সমস্যায় পড়তে হয়নি। ‘আমি অবশ্যই মনে করি এটা আমার অন্যতম সেরা ইনিংস। উইকেটটা সহজ ছিল না বলেই এটা আরও বেশি স্পেশাল হয়ে উঠেছে। তা ছাড়া আমরা ম্যাচটাও জিতেছি। সবাই জেতার জন্যই রান করতে চায়’—বলেছেন ‘হ্যাশ’। এএফপি, ওয়েবসাইট।