আমলা এটা ভাবেনইনি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৮৪তম ওভারের শেষ বল। ধ্রুপদি শট। ড্রাইভ। বল সীমানা পেরোল। চার। ডান হাতে ব্যাট আর বাঁ হাতে হেলমেট উঁচিয়ে ধরলেন। এক গাল দাড়ির ভেতর দিয়ে ঝিলিক দিয়ে উঠল তৃপ্ত হাসি। কিন্তু উদ্যাপনে বাড়াবাড়ি নেই। তাঁর মতোই। শান্ত, সৌম্য। হাশিম আমলার চেয়ে জ্যাক ক্যালিসকেই বরং বেশি উচ্ছ্বসিত মনে হলো। অথচ এদিন আবেগের আতিশয্যে একটু লাগামছাড়া হতেই পারতেন আমলা। টিম ব্রেসনানের বলে ওই চার মেরেই যে ইতিহাসে পা রাখা!দক্ষিণ আফ্রিকার ক্রিকেট অনেক কিংবদন্তি পেয়েছে। কিন্তু এত দিন টেস্টে ট্রিপল সেঞ্চুরি ছিল অধরা। অবশেষে আমলার ব্যাটে সেই অপেক্ষা ঘুচল। তাঁর এই ত্রিশতকের মাহাত্ম্য বেড়ে যাচ্ছে আরেকটি কারণে। ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ ট্রিপল সেঞ্চুরিটি করেছিলেন গ্রাহাম গুচ। সেটাও ২২ বছর আগের ঘটনা। আমলা এই ইনিংসে ব্যাট করেছেন ৭৯০ মিনিট। ১৩ ঘণ্টার ওপরে। ইংল্যান্ডে এর চেয়ে দীর্ঘ সময় ব্যাটিং করেছেন কেবল লেন হাটন!আমলার হাতে দক্ষিণ আফ্রিকার এই ইতিহাসের রচনা বিস্ময়কর কিছু নয়। এর আগে তাঁর ক্যারিয়ার-সেরা ইনিংস ছিল নাগপুর টেস্টের অপরাজিত ২৫৩। ওই ভারত সফরেই পরের টেস্টে কলকাতায় করেছিলেন জোড়া সেঞ্চুরি। ধারাবাহিকতার প্রতিশব্দ আমলার ব্যাটে এই বছরে এর আগের সাত ইনিংসে সেঞ্চুরি আসেনি, সেটাই বরং বিস্ময়ের। সেই অতৃপ্তিই যেন পরশু ঘুচিয়ে দিলেন ওভালে। শুধু একটাই আক্ষেপ এই ধর্মপ্রাণ মুসলিমের। রোজা রাখতে পারছেন না। ‘দেশের বাইরে আছি, তাই রোজা রাখতে পারছি না। দেশে ফিরলে অবশ্যই রোজা রাখব’—পরশু বলেছেন আমলা।ম্যাজিক সেই অঙ্কে পা রাখার পর নিজেকে সংযত রাখলেও তাঁর কথায় কিন্তু ঠিকই টের পাওয়া যাচ্ছিল উচ্ছ্বাস, ‘আমি খুবই খুশি, বিস্মিতও। সত্যিই রোমাঞ্চিত যে আমি এমন কিছু করতে পেরেছি, যেটা এর আগে কোনো দক্ষিণ আফ্রিকান পারেনি।’নির্দ্বিধায় স্বীকার করেছেন, ২৫০ পেরোনোর আগ পর্যন্ত ট্রিপল সেঞ্চুরির কথা তাঁর মাথাতেই আসেনি, ‘আমি যেভাবে ব্যাট করি তাতে ৩০০ আসলে অনেক দূরের পথ। তাই ২৫০ পেরোনোর আগপর্যন্ত এটা আমার মাথাতেই আসেনি। আমি উচ্ছ্বাসে ভেসে যাচ্ছি। এটা সত্যিই খুবই আবেগময় অনুভূতি।’ক্রিকেট দলগত খেলা হলেও কখনো কখনো তা ব্যক্তির আলোকচ্ছটাতেই বেশি উদ্ভাসিত। তবে দল-অন্তঃপ্রাণ আমলা বলছেন, এই ইনিংসের চেয়ে তাঁর বেশি তৃপ্তি দল ভালো অবস্থানে থাকায়, ‘আমার সবচেয়ে বেশি আনন্দ হচ্ছে আমরা ম্যাচটার নিয়ন্ত্রণ নিয়ে জেতার মতো অবস্থানে আছি বলে’। এএফপি, ওয়েবসাইট।