আমলা-ক্যালিসের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শুরু আর শেষে এমন অমিল! ‘শুরু’ আর ‘শেষ’ বলতে দুটো করে বিষয় বুঝতে পারেন এখানে। দক্ষিণ আফিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যানের সঙ্গে পরের দুই ব্যাটসম্যানের পারফরম্যান্সে যেমন আকাশ-পাতাল ব্যবধান, তেমনি দিনের শুরু আর শেষের ছবিতেও দারুন বৈপরীত্য। ৬ রানে ২ উইকেট হারানো দক্ষিণ আফ্রিকা দিনশেষে ওই ২ উইকেটেই ২৯১ রান নিয়ে শেষ করেছে দিন!বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া ফর্মটা ধরে রেখেছেন জহির খান। কাল নাগপুরের সকালটাও তারই হলো। দক্ষিণ আফ্রিকা টস জিতে ব্যাটিংয়ে নামলেও র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকার সিরিজের শুরুটা জহির এনে দিলেন ভারতকে। জহিরের করা ইনিংসের পঞ্চম ওভারে কট বিহাইন্ড ওপেনার অ্যাশওয়েল প্রিন্স, আর সপ্তম ওভারে বোল্ড গ্রায়েম স্মিথ। স্কোরবোর্ডে মাত্র ৫ আর ৬ রান উঠতেই এমন বিপর্যয়ের পর সম্ভবত সফরকারী অধিনায়ক স্মিথও ভাবেননি, প্রথম দিন শেষের হাসিটা ঝুলবে তার ঠোঁটেই।সকালের ওই ৭ ওভারের পর কাল সারা দিনে আর যে ৮৪ ওভার খেলা হলো তার পুরোটাই হাশিম আমলা-জ্যাক ক্যালিস মহাকাব্য। তৃতীয় উইকেটে দুজন গড়েছেন ২৮৫ রানের অবিচ্ছিন্ন জুটি, সেঞ্চুরিও পূর্ণ করে নিয়েছেন দুজনই। টেস্টে আমলার এটি ৮ম সেঞ্চুরি আর ক্যালিসের ৩৪ তম। শচীন টেন্ডুলকার (৪৫) আর রিকি পন্টিংয়ের (৩৯) পর সুনীল গাভাস্কার ও ব্রায়ান লারার সঙ্গে এই সেঞ্চুরি দিয়েই টেস্টে তৃতীয় সর্বোচ্চ সেঞ্চুরিয়ানদের তালিকায় নাম লেখালেন ক্যালিস। ৩৩১ মিনিট ক্রিজে থেকে তার এই অপরাজিত ১৫৯ রানের ইনিংস, ৩৪১ মিনিট ব্যাটিং করে আমলা অপরাজিত আছেন ১১৫ রানে। জহির খানের বোলিংয়ে শুরুটা ভালো হয়েছে, তবে তারও আগে দিনটা আসলে বাজেভাবেই শুরু হয়েছিল ভারতের। বাংলাদেশ সফরে ইনজুরিতে পড়া ভিভিএস লক্ষ্মণের জায়গায় দলে সুযোগ পাওয়া রোহিত শর্মাও খেলা শুরুর আগে ফুটবল খেলতে গিয়ে ইনজুরিতে পড়েন। এই সুযোগে এস বদ্রিনাথের সঙ্গে নাগপুর টেস্টে অভিষেক হয়ে গেছে বাংলার ঋদ্ধিমান সাহারও।