আমলা-ক্যালিসের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফাঁস হয়ে যাওয়ায় পুরো বিশ্বের জেনে যাওয়া অস্ট্রেলিয়ার রণকৌশল কোনো কাজেই এল না। শর্ট পিচে কাবু হলেন না জ্যাক ক্যালিস। স্লেজিং চিড় ধরাতে পারল না হাশিম আমলার অখণ্ড মনোযোগে। সেঞ্চুরির দিকে ধাবমান এই দুই ব্যাটসম্যানের সৌজন্যে টেস্ট সিরিজের প্রথম দিনটা নিজেদের করে নিল দক্ষিণ আফ্রিকা। আলোকস্বল্পতার কারণে ৮ ওভার আগে খেলা শেষ হয়ে যাওয়ার সময় সফরকারীদের স্কোর ২ উইকেটে ২৫৫। ক্যালিস ৮৪ আর চার টেস্টে নিজের তৃতীয় সেঞ্চুরি থেকে মাত্র ১০ রান দূরে ছিলেন আমলা। অস্ট্রেলিয়ার বোলিং সাফল্য বলতে লাঞ্চের আগে-পরে দুই ওপেনার গ্রায়েম স্মিথ ও আলভিরো পিটারসেনকে ফিরিয়ে দেওয়া।স্বাভাবিকভাবেই অস্ট্রেলীয় পেসারদের দিনটা গেল নিদারুণ হতাশায়। ২০ ওভারে ৫৮ রান দিয়ে উইকেটশূন্য পিটার সিডলের হতাশাই সবচেয়ে বেশি। ৪৩ রানেই ড্রেসিংরুমের দিকে ফিরে যাচ্ছিলেন ক্যালিস, সিডলের বলটা নো বল ছিল বলে আম্পায়ার তাঁকে ফিরিয়ে এনেছেন। ফিরতি ক্যাচটা নিতে পারলে ৭৪ রানে ফিরে যান আমলাও। গত দুই বছরে আমলা-ক্যালিস জুটি ১৬ ইনিংসে ১০৭.৩৮ গড়ে ১৩৯৬ রান তুলেছে। এই পরিসংখ্যান জেনে থাকলে কাল রাতের ঘুমটা ছাড়া ছাড়াই হওয়ার কথা মাইকেল ক্লার্কের। ১৩৬ রান হয়ে গেছে জুটিতে।গ্যাবায় টস জিতে ব্যাট নেওয়ার অধিনায়কের সাহসী সিদ্ধান্তকেই যেন পিঠ চাপড়ে দিচ্ছেন এই দুজন। গত বছর এই সময়েই অস্ট্রেলিয়ার বিপক্ষে হোম সিরিজটা যাচ্ছেতাই গিয়েছিল ক্যালিসের। ক্যারিয়ারের শেষ অস্ট্রেলিয়া সফরে তাই তাঁর কিছু হিসাব মেলানোর আছে। সদ্যই শেষ হওয়া টি-টোয়েন্টি মৌসুমের মেজাজ ধরে রেখে ৬৩ বলে ফিফটি তুলে নেওয়ার পর অবশ্য ব্যাটে টেস্ট মেজাজ। দিন শেষে ক্যালিসের নামের পাশে তাই বল ১৩৫টি। আমলা ছিলেন তাঁর মতোই। চা-বিরতির খানিক আগে ফিফটি হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ছুঁয়ে ফেলেন টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলকও।মাঠে দাঁড়িয়ে আমলার ব্যাটিং ‘উপভোগ’ করতে থাকা রিকি পন্টিং কি জানেন, পাঁচ হাজারের মাইলফলক ছুঁতে আমলা তাঁর চেয়ে খেলেছেন এক ইনিংস কম। ১০৯ ইনিংসে আমলার ৫ হাজার রান, দক্ষিণ আফ্রিকার পক্ষে এর চেয়ে কম ইনিংসে পাঁচ হাজার করেছেন শুধুই হার্শেল গিবস (১০৮)। মাত্র ১০ রানেই স্মিথকে ফিরিয়ে দিয়ে দিনের একাদশ ওভারেই যে হাসি ফুটে উঠেছিল অস্ট্রেলীয়দের মুখে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই তা ফিকে হয়ে এসেছে। স্মিথকে ফেরাতে অবশ্য অস্ট্রেলিয়া পেয়েছে টিভি রিপ্লের সুবিধা। এই টিভি রিপ্লেই বাঁচিয়ে দিয়েছে ক্যালিসকে, রিপ্লেতে যখন দেখা গেছে, সিডল তাঁর সামনের পা লাইনের পেছনে রাখতে ব্যর্থ হয়েছেন। ওয়েবসাইট। জুটি-কাহন এটি ক্যালিস-আমলা ১১তম সেঞ্চুরি জুটি। দক্ষিণ আফ্রিকার পক্ষে এর চেয়ে বেশি সেঞ্চুরি জুটি আছে শুধু ডি ভিলিয়ার্স-ক্যালিসের (১২টি)। আমলা-ক্যালিস জুটি মোট রান-সংখ্যায় ছাপিয়ে গেল দক্ষিণ আফ্রিকার বাকি সব জুটিকে। কাল ব্রিসবেন টেস্টের প্রথম দিন শেষে এই জুটির রান ৩৬০৭। আগের সর্বোচ্চ ছিল গ্যারি কারস্টেন-ক্যালিস জুটির ৩৫৯২ রান। ১৯৯২ সালের পর তৃতীয় উইকেটে অস্ট্রেলিয়ায় দক্ষিণ আফ্রিকার প্রথম সেঞ্চুরি জুটি গড়লেন আমলা-ক্যালিস।