ওয়েলিংটনের আবহাওয়ার মতোই বাজে সময় কাটছে নিউজিল্যান্ডের। তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটসম্যানকেই আউট করতে পারেননি কিউই বোলারা। অবশ্য প্রথম দিনের মতো শেষ টেস্টের দ্বিতীয় দিনটারও বেশির ভাগ সময়টাই বৃষ্টি খেয়ে নেওয়ায় খেলাই হয়েছে মাত্র ৩৭ ওভার। আর এর মধ্যেই আগের দিনের ১৩৬ রানের সঙ্গে প্রথম ইনিংসে আরও ১১০ রান যোগ করেছেন আলভিরো পিটারসেন ও জেপি ডুমিনি।সিরিজে এই প্রথম ৫০ পেরোনো পিটারসেন তাঁর ক্যারিয়ারের তৃতীয় টেস্ট সেঞ্চুরি থেকে মাত্র ৪ রান দূরে ছিলেন। ক্যালিসের চোটে সুযোগ পাওয়া ডুমিনি এগোচ্ছিলেন চতুর্থ সেঞ্চুরির দিকে, ব্যাট করছিলেন ৭৬ রানে। দুজনের অবিচ্ছিন্ন তৃতীয় উইকেট জুটিতে রান হয়ে গেছে ১৪০। দলের রান হয়ে গেছে ২৪৬। ম্যাচে ভালো জায়গায় থেকেও দক্ষিণ আফ্রিকাকে একটি দুঃসংবাদ ‘বরণ’ করে নিতে হয়েছে। এই টেস্টে তারা আর পাচ্ছে না হাশিম আমলাকে। পরশু রাতে কুঁচকিতে জরুরি অস্ত্রোপচার করাতে হয়েছে এই ব্যাটসম্যানকে। প্রথম দিন ক্রিস মার্টিনের একটি বল ব্যাটের কানায় লেগে আঘাত করেছিল আমলার কুঁচকিতে। তখন ৩৩ রানে অপরাজিত আমলা শেষ পর্যন্ত আউট হন ৬৩ রানে। এরপরই হাসপাতালে নেওয়া হয় তাঁকে। রাতে অস্ত্রোপচারের পর কাল সকালেই হাসপাতাল ছেড়েছেন শ্মশ্রুমণ্ডিত ব্যাটসম্যান।তিন টেস্টের সিরিজের দ্বিতীয়টি জিতে সিরিজে ১-০-তে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। ওয়েবসাইট।