গ্রায়েম স্মিথ ইনিংস ঘোষণা করে দেওয়ায় দুটি সম্ভাব্য রেকর্ড হাতছাড়া হয়ে গেছে হাশিম আমলার। একটি ২৪ রানের জন্য, আরেকটি ২২ রানের জন্য। প্রথমটি টেস্টে দক্ষিণ আফ্রিকার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের, ২০০৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে বার্মিংহামে যেটি করেছিলেন স্বয়ং স্মিথ (২৭৭)। স্মিথের আগে রেকর্ডটি ছিল যৌথভাবে ড্যারিল কালিনান ও গ্যারি কারস্টেনের। ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে অকল্যান্ডে ২৭৫ করে অপরাজিত ছিলেন কালিনান। ওই বছরেরই ডিসেম্বরে ডারবানে ইংল্যান্ডের বিপক্ষে ২৭৫ করেছিলেন কারস্টেন। দ্বিতীয় যে রেকর্ডটি করতে পারতেন আমলা, তা হলো ভারতের মাটিতে কোনো বিদেশির সর্বোচ্চ ইনিংসের, গত নভেম্বরে আহমেদাবাদে ২৭৫ রান করে যা গড়েছেন মাহেলা জয়াবর্ধনে। জয়ার্ধনে পেছনে ফেলেছিলেন ইউনুস খানকে। ২০০৫ সালে বেঙ্গালুরুতে ২৬৭ রান করেছিলেন ইউনুস। ১৯৫৮ সালে কলকাতায় ২৫৬ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের রোহান কানহাই।