আমলার আরেকটি সিরিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাপারটাকে প্রায় একঘেয়ে বানিয়ে ছাড়লেন হাশিম আমলা। দক্ষিণ আফ্রিকান ইনিংসের সর্বোচ্চ রান যেন বরাদ্দই হয়ে গেছে এই স্টাইলিশ ওপেনারের জন্য। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের খেলা চারটি ইনিংসেই সবচেয়ে বেশি রান আমলার। শুধু তা-ই নয় লর্ডস টেস্টটাকে হিসেবে নিলে টানা পাঁচ ইনিংসে সর্বোচ্চ রানই তাঁর। পরশু ট্রেন্টব্রিজে আমলার আরেকটি সর্বোচ্চ রানের ইনিংসেই ইংল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের সিরিজটা ড্র করেছে ২-২-এ।লক্ষ্য ছিল মাত্র ১৮৩ রানের। কিন্তু সেটাই একসময় বিশাল হয়ে যায়। ৪.৪ ওভারে ১৪ রান তুলতেই ৩ উইকেট হারিয়ে রীতিমতো কাঁপতে থাকে সফরকারীরা। এরপরই অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে সঙ্গী করে আমলার আরেকটি কার্যকর ইনিংস। অবিচ্ছিন্ন চতুর্থ উইকেটে ১৭২ রান যোগ করেন মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত আমলা। ডি ভিলিয়ার্স করেছেন ৭৫। প্রবল প্রতিদ্বন্দ্বিতার আভাস ছড়িয়েও ম্যাচ শেষ ১৫ ওভার বাকি থাকতেই। টস জিতে ব্যাটিং নেওয়া ইংল্যান্ড অলআউট ৪৫.২ ওভারে। সর্বোচ্চ ৫১ রান করেন অধিনায়ক অ্যালিস্টার কুক। ম্যাচসেরা ও সিরিজ-সেরার দুটি পুরস্কারই উঠেছে ১১১ গড়ে ৩৩৫ রান করা আমলার হাতে। ম্যাচ শেষে নিজের কথা না বলে দলেরই জয়গান গেয়েছেন আমলা, ‘বেশ ভালো একটা গ্রীষ্ম কাটালাম। আমি খুশি আমরা সিরিজে সমতা এনেছি। আমরা যেভাবে বল করেছি সেটাই কাজে লেগেছে। এরপর আমি আর এবি সমাপ্তি টানলাম।’ টেস্ট সিরিজ জিতে ওয়ানডে সিরিজটা ড্র করল দক্ষিণ আফ্রিকা। আগামীকাল থেকে শুরু তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটা কি জিততে পারবে প্রোটিয়ারা। এএফপি।