আমলার গলায় স্বীকৃতির মালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে যাওয়া স্মিত হাসি—দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের ট্রফি হাতে হাশিম আমলা   ওয়েবসাইট
ব্যক্তিত্বের সঙ্গে মানিয়ে যাওয়া স্মিত হাসি—দক্ষিণ আফ্রিকার বর্ষসেরা ক্রিকেটারের ট্রফি হাতে হাশিম আমলা ওয়েবসাইট

গত এক বছরেও যথারীতি ব্যাটে রানের ফোয়ারা। টেস্ট-ওয়ানডে দুটোতেই দলের সর্বোচ্চ রান, করেছেন দেশের ইতিহাসে প্রথম ট্রিপল সেঞ্চুরি। আইসিসি ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে টেস্ট-ওয়ানডে দুটিতেই। এই সবকিছুর প্রতিফলন হয়ে এল আনুষ্ঠানিক স্বীকৃতি। জোহানেসবার্গের স্যান্ডটনে পরশু ক্রিকেট দক্ষিণ আফ্রিকা অ্যাওয়ার্ড নাইটে ছিল হাশিম আমলার জয়জয়কার। বর্ষসেরা ক্রিকেটারসহ জিতেছেন চার-চারটি পুরস্কার!
পুুরস্কারের জন্য বিবেচিত হয়েছে গত বছরের জুলাই থেকে এ বছরের জুন পর্যন্ত সময়কাল। এই সময়ে ১১ টেস্টে ৫ সেঞ্চুরিতে ৮২.৫৬ গড়ে ১৩২১ রান করেছেন আমলা, দলের আর কেউ হাজারও ছুঁতে পারেনি। ১৬ ওয়ানডেতে ২ সেঞ্চুরিতে ৪৯.৯২ গড়ে করেছেন ৬৯৯ রান। এই নিয়ে দ্বিতীয়বার বর্ষসেরা ক্রিকেটার আমলা, এর আগে এই স্বীকৃতি পেয়েছিলেন ২০১০ সালেও। দুবার দক্ষিণ আফ্রিকান বর্ষসেরা হয়েছেন আর মাত্র দুজন—মাখায়া এনটিনি (২০০৫ ও ২০০৬) ও জ্যাক ক্যালিস (২০০৪ ও ২০১১)। বর্ষসেরা ক্রিকেটারের সঙ্গে আমলা জিতেছেন বর্ষসেরা টেস্ট ক্রিকেটার ও সমর্থকদের ভোটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার। আর ইংল্যান্ডের বিপক্ষে ৩১১ রানের ইনিংসটিতে জিতেছেন সেরা ইনিংসের ‘কেএফসি সো গুড’ অ্যাওয়ার্ড। ক্রিকেট দক্ষিণ আফ্রিকার প্রধান নির্বাহী হারুন লরগাত বললেন, ‘হাশিম সম্পর্কে বলতে গেলে বিশেষণ খুঁজে পাওয়া মুশকিল!’
বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হয়েছেন এবি ডি ভিলিয়ার্স। ওই সময়কালে আমলার চেয়ে ১৭ রান কম করেছেন, কিন্তু উইকেটকিপিং এবং অধিনায়কত্বের জন্য পাওয়া বাড়তি নম্বরে ছাড়িয়ে গেছেন তাঁকে। ডি ভিলিয়ার্স জিতেছেন ক্রিকেটারদের ভোটে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারও। ৮ ম্যাচে ১০ উইকেট ও ওভারপ্রতি মাত্র ৪.৭২ রান দিয়ে বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার ডেল স্টেইন। গত ফেব্রুয়ারিতে টেস্ট অভিষেকে পাকিস্তানের বিপক্ষে ২৯ রানে ৭ উইকেট নেওয়া কাইল অ্যাবোট পেয়েছেন বর্ষসেরা নবাগতর স্বীকৃতি। ঘরোয়া ক্রিকেটের বর্ষসেরা ক্রিকেটারও হয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। বর্ষসেরা বলের পুরস্কার জিতেছেন জ্যাক ক্যালিস। ওয়েবসাইট।