ধবলধোলাই এড়ানোর মিশন। অথচ টেস্টে নামার আগে পাকিস্তানকে শুনতে হলো দু-দুটি দুঃসংবাদ। চোটের কারণে দ্বিতীয় টেস্টের দল থেকে ছিটকে পড়া জুনাইদ খান এ টেস্টেও খেলতে পারছেন না। গলার ব্যথা খেলতে দিচ্ছে না উমর গুলকেও। যার অর্থ, সেঞ্চুরিয়নে মিসবাহকে যে তিন পেসারকে নিয়ে নামতে হলো, তাদের অভিজ্ঞতার ভান্ডারে ছিল মাত্র দুই টেস্ট! দক্ষিণ আফ্রিকা দলেও দুটি পরিবর্তন। চোটের কারণে ছিটকে পড়া মরনে মরকেলের জায়গায় ররি ক্লেইনভেল্ট খেলছেন, এটা জানাই ছিল। পায়ের পেশির সমস্যার কারণে খেলছেন না জ্যাক ক্যালিসও। ফলে মরকেলের চোটের কারণে বিকল্প খেলোয়াড় হিসেবে ডাক পাওয়া কাইল অ্যাবটের হলো টেস্ট অভিষেক! আগেই সিরিজ জিতে যাওয়া দক্ষিণ আফ্রিকার জন্য এটি তেমন সমস্যা নয়। তা ছাড়া পাকিস্তানিদের যমদূত ডেল স্টেইন-ভারনন ফিল্যান্ডার তো থাকছেনই। দিন শেষে পাকিস্তানের অধিনায়কের কপালে দুশ্চিন্তার ভাঁজটা আরও চওড়াই হয়েছে! ৬ উইকেটে ৩৩৪ করে কাল দিন শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। অথচ পাকিস্তানের অনভিজ্ঞ পেসাররা দিনের শুরুটা করেছিলেন দারুণ। নিজের দ্বিতীয় এবং দিনের তৃতীয় ওভারের প্রথম বলেই আলভিরো পিটারসেনকে ফেরান জোহানেসবার্গে অভিষেকে উইকেটশূন্য থাকা রাহাত আলী। একটু পর নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই অভিষিক্ত এহসান আদিল পেয়ে যান প্রথম আন্তর্জাতিক উইকেটের স্বাদ। ফেরান অধিনায়ক গ্রায়েম স্মিথকে। ৩৮ রানে ২ উইকেট হারিয়ে দক্ষিণ আফ্রিকা পড়ে চাপে। এ অবস্থায় তৃতীয় উইকেটে হাশিম আমলা-ফ্যাফ ডু প্লেসিসের ৬৯ রানের জুটি। লাঞ্চের পর ডু প্লেসিসকে ফিরিয়ে এই জুটি ভাঙেন এহসান আদিল। পরে ডি ভিলিয়ার্সের সঙ্গে আমলা গড়েন ৭৯ রানের জুটি। আমলা ৮ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত হলেও ডি ভিলিয়ার্স (৯৮*) অপেক্ষায় আছেন। দিনের সবচেয়ে লম্বা ৮৬ রানের জুটিটা ডি ভিলিয়ার্স গড়েছেন ফিল্যান্ডারের (৪৫*) সঙ্গে সপ্তম উইকেটে। সূত্র: ওয়েবসাইট, টেন ক্রিকেট।