আমলার ‘সৌভাগ্য’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলকাতা দিয়ে শুরু, আপাতত কলকাতাতেই শেষ। মাঝখানে ৬টি টেস্ট, ১০ ইনিংস, ৮২৩ রান, ১০২.৮৭ গড়, ৪টি সেঞ্চুরি আর ২টি ফিফটি। ভারতে হাশিম আমলার ব্যাটিং রেকর্ডের সঙ্গে তাঁর পূর্বসূরিদের শেকড়ের কোনো যোগসূত্র আপনি খুঁজে পেতেই পারেন। দাদা-নানারা ছিলেন গুজরাটের বাসিন্দা। সেখান থেকেই ধর্মপ্রাণ মুসলিম পরিবারটি প্রবাসী হয়েছিল দক্ষিণ আফ্রিকার ডারবানে। কিন্তু শেকড় কি আর পুরো উপড়ে ফেলা যায়! ভারতে পা দিয়ে আমলারও তাই মনে এই ভাবনার উদয় হতেই পারে, ‘এই দেশ আমার পূর্বপুরুষের! এখানে কিছু করে দেখাতে হবে।’এই কলকাতাতেই, ২০০৪ সালে টেস্ট অভিষেক তাঁর। সেবার ইডেন গার্ডেন মনে রাখার মতো কিছুই দেয়নি (২৪ ও ২)। কিংবা কে জানে, জমিয়ে রেখেছিল এই ২০১০ সালের জন্যই। যেখানে মাত্র পঞ্চম দক্ষিণ আফ্রিকান হিসেবে দুই ইনিংসেই করলেন সেঞ্চুরি। ১১৪ আর অপরাজিত ১২৩। এর আগে নাগপুর টেস্টে অপরাজিত ২৫৩। নাগপুরে যখন ব্যাট হাতে নামেন, দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৫/১। নামতে না নামতেই দেখলেন, স্কোরটা ৬/২। সেখান থেকেই প্রথম জ্যাক ক্যালিসের সঙ্গে ৩৪০ আর এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে ১০৮ রানের জুটি, যে দুটি জুটি দক্ষিণ আফ্রিকাকে শুধু ৫৫৮ রানের ভিত্তি এনে দেয়নি, এনে দিয়েছে ইনিংস ব্যবধানে জয়ও।কলকাতা টেস্টেও দুই ইনিংসেই তাঁকে ব্যাট হাতে নামতে হয়েছে বলটা চকচকে থাকতে থাকতেই। প্রথম ইনিংসে নামার সময় দক্ষিণ আফ্রিকার স্কোর ছিল ৯/১, দ্বিতীয় ইনিংসে ৩৬/১। কিন্তু কোনো কিছুতেই তাঁকে টলানো যায়নি। তাঁর ব্যাটটা সিরিজই প্রায় জিতিয়ে দিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং-ধসের শিকার মুমূর্ষু দলটাকে অক্সিজেন দিয়ে যাচ্ছিল তাঁরই ব্যাট। শেষ তিন ব্যাটসম্যানকে নিয়ে ৫৩.৩ ওভার পার করে দিয়েছিলেন। আর দশটি বল পার করতে পারলেই ড্র করে ফেলা যেত। দক্ষিণ আফ্রিকা ফিরে পেত শীর্ষস্থানের মুকুট। শেষ পর্যন্ত দল হেরেছে ইনিংস ব্যবধানে। কিন্তু আমলা বিজয়ীই থেকে গেছেন। প্রমাণ করে গেছেন, টি-টোয়েন্টির এই যুগেও আদর্শ ব্যাটসম্যানের সংজ্ঞাটি পাল্টায়নি এখনো। রেখে গেছেন অবিশ্বাস্য কিছু পরিসংখ্যান। দুই টেস্টের সিরিজে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। টেস্ট ক্রিকেটের ১৩৩ বছরের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সিরিজ গড়।তার পরও কঠিন অনুশাসনে বেড়ে ওঠা আমলা, বিনম্র শ্রদ্ধা আর বিনয়ী হতে শেখা আমলা মৃদুকণ্ঠে জানাচ্ছেন, যা হয়েছে তাতে তাঁর কোনো কৃতিত্ব নেই! ‘প্রত্যেক ক্রিকেটারের জীবনেই এমন একটা সিরিজ আসে, যেখানে সে সাফল্যের সর্বোচ্চ শিখরে পৌঁছায়। আমার সৌভাগ্য, এটা আমার জন্য সেই সিরিজটাই ছিল। মাঠে সবকিছু আমার পক্ষে গেছে। ভাগ্যকে তাই কৃতিত্ব দিতেই হবে। আমার ক্যাচও তো পড়েছে।’আমলা, আপনিও ভালো জানেন, অন্তর্যামী তাকেই সাহায্য করেন, যে নিজেকে সাহায্য করতে চায়!আমলাকে সামলাতে কলকাতা টেস্টের শেষ দিনে আমলা একাই খেলেছেন ৫২.২ ওভার। পুরো সিরিজে ১৪০২ মিনিট ব্যাট করেছেন, বল খেলেছেন ১০৩২টি ১০৩২টি বলের মধ্যে মাত্র একটিকে ওপর দিয়ে সীমানা পার করেছেন, চার অবশ্য মেরেছেন ৫২টি।  দক্ষিণ আফ্রিকা দ্রুত প্রথম উইকেট হারিয়ে ফেলায় তিনটি ইনিংসেই তাঁকে নামতে হয়েছে প্রতিরোধের মন্ত্র জপে। ক্যারিয়ার গড় ৪৭.২৬, কিন্তু ভারতে সেটি ১০২.৮৭। এই সিরিজে ৪৯০!