আমাদের ওপর কোনো চাপ নেই
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুইটি ম্যাচেই সহজ জয় পেয়েছে বাংলাদেশ। আগামীকাল মিরপুরে তৃতীয় ওয়ানডেটি জিততে পারলেই সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। দুইটি ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে হারাতে পারায় ক্রিকেটারদের আত্মবিশ্বাসটাও অনেক বেড়ে গেছে বলে জানিয়েছেন মুশফিকুর রহিম। ওয়েস্ট ইন্ডিজকেই বরং সিরিজে টিকে থাকার চাপ নিয়ে মাঠে নামতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের অধিনায়ক। ইনজুরির কবলে পড়া আবুল হাসানের পরিবর্তে রুবেল হোসেন একাদশে জায়গা পাচ্ছেন বলেও নিশ্চিত করেছেন মুশফিক।২-০ তে এগিয়ে থেকে কাল বেলা আড়াইটায় মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে তৃতীয় ওয়ানডেতে মাঠে নামবে মুশফিকরা। আজ সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিম বলেছেন, ‘এখন ওয়েস্ট ইন্ডিজকেই চাপের মুখে থাকতে হবে। আমাদের উপর কোনো চাপ নেই। আমরা যেভাবে প্রথম দুইটি ম্যাচে তাদেরকে হারিয়েছি তাতে তারা ভাবতে বাধ্য হবে। কারণ আমরা এক উইকেট বা ১০ রানের ছোট ব্যবধানে জিতিনি। আমরা তাদেরকে হারিয়েছে বেশ বড় ব্যবধানে। আর এটাই প্রমাণ করে যে, আমরা তাদের তুলনায় অনেক ভালো খেলেছি। এই পারফরমেন্সের ধারাবাহিকতা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলই পাব।’ তবে ওয়েস্ট ইন্ডিজের বিধ্বংসী রুপের কথাটাও মাথায় রেখেছেন মুশফিক। সফরকারীরা যে যেকোনো সময়ে ঘুরে দাঁড়াতে পারে সেটাও তিনি সতীর্থদের স্মরণ করিয়ে দিয়েছেন। বলেছেন, ‘ওয়েস্ট ইন্ডিজ খুবই শক্তিশালী দল। তারা যেকোনো সময় ঘুরে দাঁড়াতে পারে। তবে এই মুহূর্তে অনেক কিছুই আমাদের অনুকূলে আছে। আমি বিশ্বাস করি যে, যদি তারা ভালোও খেলে, তারপরও আমাদের ধারাবাহিকতাই আমাদের এগিয়ে দেবে।’মুশফিক বাহিনী যদি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজটা জিততে পারে তাহলে আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে উল্লেখযোগ্য অগ্রগতি হবে বাংলাদেশের। বিশ্ব ক্রিকেটের অঙ্গনেও বাংলাদেশ দাঁড়াতে পারবে মর্যাদা নিয়ে। সেই সম্ভাবনা যে খুব ভালোভাবেই তৈরি হয়েছে সেটা হয়তো স্পষ্টই বুঝতে পারছেন বাংলাদেশী ক্রিকেটাররা। সমর্থকদের সেই সাফল্যের আনন্দে ভাসানোর অঙ্গীকার করেছেন মুশফিকও। তিনি বলেছেন, ‘আমরা গত দেড় বছর ধরেই ওয়ানডেতে ধারাবাহিকভাবে ভালো খেলছি। বিশেষত ঘরের মাটিতে। এখন আমাদের সামনে একটা বিশাল সুযোগ এসেছে এই সিরিজটা জেতার। সবাই এসম্পর্কে সচেতন আছে। কাজেই আমি আশা করছি শেষ দুইটা ম্যাচে আমরা যেভাবে খেলতে পেরেছি, বাকি তিনটি ম্যাচেও সেই পারফরমেন্সের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’—ক্রিকইনফো