আমাদের ক্ষমা করুন, স্কলারির মিনতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জার্মানির একের পর এক গোল—সাইড বেঞ্চে যাতনায় মুখ ঢাকছেন স্কলারি!  ছবি: রয়টার্স
জার্মানির একের পর এক গোল—সাইড বেঞ্চে যাতনায় মুখ ঢাকছেন স্কলারি! ছবি: রয়টার্স

পরাজয়—তবুও মানা যায়। তাই বলে এমন পরাজয়! জার্মানির কাছে ব্রাজিল যেভাবে বিধ্বস্ত হলো, তাতে বিস্ময়ে বিমূঢ় গোটা ফুটবল বিশ্ব। বিরাট পরাজয়ের গ্লানি আচ্ছন্ন করে ফেলেছে ব্রাজিল সমর্থকদের। সেলেসাও কোচ লুইস ফেলিপে স্কলারিও হারিয়ে ফেলেছেন ভাষা। এ পরাজয়ের কী ব্যাখা দেবেন তিনি? ব্যাখ্যাতীত এ হারে তাই দর্শকদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেওয়াটাকেই সবচেয়ে বেশি নিরাপদ মনে করলেন ‘বিগ ফিল।’
ম্লান বদনে স্কলারি বললেন, ‘আমাদের ক্ষমা করুন। সবার কাছে মিনতি, এত ভুলের জন্য দয়া করে আমাদের ক্ষমা করুন।’ এক বুক কষ্ট নিয়ে ২০০২ বিশ্বকাপজয়ী কোচ সব দায় মাথায় পেতে নিয়ে বললেন, ‘মাঠে দলের এ হতশ্রী পারফরম্যান্সের জন্য আমিই দায়ী। এ ফলের জন্য আমিই দোষী। আমাদের লক্ষ্য অর্জন হয়নি বলে দুঃখিত। জার্মানি যখন পাঁচ, ছয়, সাত গোল দিল, তখনো সমর্থকেরা আমাদের সমর্থন করেছে। ছয় মিনিটে চার গোল হজম করলে আর কিছুই করার থাকে না। কিন্তু ঠিক সেই ভয়াবহ ব্যাপারটাই ঘটেছে। এমনকি জার্মানিও কল্পনা করতে পারেনি, এমনটা ঘটতে পারে।’
দুঃখভারাক্রান্ত মনে স্কলারি বললেন, ‘একজন ফুটবলার কিংবা ফুটবল কোচ অথবা শারীরিক শিক্ষার শিক্ষক হিসেবে আমার গোটা জীবনকে বিচার করলে এর চেয়েও বাজে দিন আর কখনো আসেনি।’ কেবল স্কলারি কেন, কোনো ব্রাজিলিয়ান কিংবা ব্রাজিল সমর্থকের এমন বাজে দিন বোধ হয় খুব বেশি আসেনি। এএফপি।