একটা সময়ে ফ্লাওয়ার ভাইয়েরা ছিল। ছিল স্ট্রিক-আরভিনের মতো ক্রিকেটার। জিম্বাবুয়ের জন্য সেটাকে বলতে পারেন স্বপ্নের দল। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারত সেই জিম্বাবুয়ে।মাঝখানে খুব বাজে সময় কাটালেও গত কিছুদিন একটু গুছিয়ে উঠেছে দলটা। ফ্লাওয়ার-স্ট্রিকদের মতো ম্যাচ উইনার এই দলেও আছে। চিগুম্বুরা তো ম্যাচ উইনারই, হাতে অনেক শট আছে। এ ছাড়া টেলর, মাসাকাদজা, টাইবুকেও বাদ দেবেন কেন? ওরাও বদলে দিতে পারে ম্যাচের চেহারা।আগের দলটির মতো হয়তো এখনো হতে পারেনি, কোনো দিন পারবে কি না, সেটাও জানি না। তবে মাঝখানের ক্ষতি অনেকটাই পুষিয়ে নিয়েছে জিম্বাবুয়ে। অনেকে আপত্তি করতে পারেন—অ্যান্ডি ফ্লাওয়ার আর টাটেন্ডা টাইবু কি এক হলো? কিন্তু ওদের দিনে ওরা খুবই ভালো দল। বারবার আসায় আমাদের কন্ডিশনেও ওরা এখন অভ্যস্ত, এমনকি বাংলাদেশের মাটিতে আমাদের চেয়েও ভালো ক্রিকেট খেলার সামর্থ্য তাদের আছে।আমাদের এখানে উইকেট মানেই স্পিনারদের স্বর্গরাজ্য। আর জিম্বাবুয়ে দলে আছে বিশ্বমানের দুই স্পিনার—প্রসপার উতসেয়া ও রেমন্ড প্রাইস। প্রাইসের তো যেকোনো দলের বিপক্ষেই ভালো খেলার সামর্থ্য আছে। উতসেয়ার বলেও রান করা সহজ নয়। এ ছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওদের সিরিজটাতে পেস বোলার সিঙ্গিরাই মাসাকাদজাকে দেখলাম, ইকোনমি রেট বেশি হলেও ও কিন্তু ৩ ম্যাচে ৭ উইকেট পেয়েছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেট অনেক বড় ব্যাপার।২০০৫ সালে আমরা যেবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সিরিজ জিতেছিলাম, সেই জিম্বাবুয়ে আর এই জিম্বাবুয়েকে এক ভাবলে ভুল হবে। ওই দলটার তো আন্তর্জাতিক ক্রিকেটে খেলার মতো অবস্থাই ছিল না! খারাপ সময় কাটিয়ে ওঠার প্রথম কারণ, জিম্বাবুয়ে দলটা বেশ লম্বা সময় ধরে একসঙ্গে খেলছে। একটা সময় ছিল, যখন জিম্বাবুয়ের সঙ্গে খেলতে গেলে সম্মানজনক ফলাফলই আমাদের প্রত্যাশা থাকত। আমাদের জন্য ওরা ছিল সমীহ জাগানো দল।্রব্যক্তিগত পারফরম্যান্সকে অনেক বড় করে দেখতাম আমরা। ‘বাংলাদেশের চোখে জিম্বাবুয়ে’ ব্যাপারটায় পরিবর্তন এসেছে এখন। মাঝামাঝি অবস্থায় থাকায় এখন এমন একটা দল, যাদের আপনি না বলতে পারেন ওরা অনেক শক্তিশালী, না বলতে পারবেন ওরা আমাদের চেয়ে অনেক পিছিয়ে।শক্তিমত্তার কিছু জায়গা যেমন আছে, অনেক দুর্বলতাও আছে জিম্বাবুয়ের। যতই ওরা অনেক দিন ধরে একসঙ্গে খেলুক, অভিজ্ঞতার ঘাটতি আছে দলটায়। অনেক ব্যাটসম্যানই দেখবেন ৩০-৪০ রান করে আউট হয়ে যাচ্ছে। কেউ লম্বা ইনিংস খেললেও দেখবেন খুব গুরুত্বপূর্ণ সময়ে হয়তো আউট হয়ে গেল। আমাদের স্পিন বোলিং সামলানোও ওদের জন্য কঠিন এক কাজ। অ্যান্ডি ফ্লাওয়ার এই কাজটা খুব ভালো পারলেও এখন সে রকম কেউ নেই।জিম্বাবুয়ে দল নিয়ে যখন কথা হচ্ছে, ব্রেন্ডন টেলরের কথা আলাদা করে না বললেই নয়। আমার ক্রিকেটার জীবনের বড় একটা অভিজ্ঞতার সঙ্গে মিশে আছে সে। সবার মনের মধ্যেই একটা ডায়েরি থাকে, আমারও আছে। সেখানে ২০০৬ সালে হারারের ঘটনাটা আলাদা করেই আছে। শেষ ওভারে জিম্বাবুয়ের ১৭ রান প্রয়োজন ছিল, টেলর ঠিকই তা তুলে নিয়েছিল। এ ধরনের স্মৃতি মন থেকে মুছে ফেলা যেমন ভালো, মনে রাখাটাও বোধ হয় কাজে আসে। যতই তিক্ত অভিজ্ঞতা হোক, এটা থেকে তো আমি কিছু শিখতেও পারি! কিন্তু এটাকে মনের মধ্যে লালন করলাম, কিছু শিখলাম না, শুধু শুধু ভয় পেলাম, তাহলে হবে না।হারারের সেই স্মৃতি মাথা থেকে ঝেড়েই ফেলেছি। তবে এর পরও একবার স্লগ ওভারেই ঠিক একই রকম পরিস্থিতিতে ওর মুখোমুখি হয়ে ওকে স্লোয়ার দিয়ে বোল্ড করেছিলাম। তখন একবার মনে পড়েছিল এই টেলর কী যন্ত্রণাটাই না দিয়েছে আমাকে! তবে ওর সঙ্গে আমার ব্যক্তিগত কোনো লড়াই নেই। টেলর সেদিন ভালো খেলেছে, আমি বাজে খেলেছি। সে জন্যই ওটা হয়েছে। আরেকটা দিন হয়তো আমার হবে। দুই দল এখন যে অবস্থায় আছে, কথাটা বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে লড়াইয়ের ক্ষেত্রে প্রযোজ্য।