আমাদের হোক জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের জন্য ক্রিকেট মঞ্চটা শেষ পর্যন্ত একটা যুদ্ধক্ষেত্রে পরিণত হলো; যেখানে একমাত্র আরাধনা জয়। আগে ব্যাট করলেও জয়, পরে ব্যাট করলেও জয়। টাই চলবে না, চলবে না ম্যাচ পরিত্যক্ত হওয়ার মতো কোনো উপলক্ষও। তবে ব্যাপারটা আসলে যুদ্ধ নয়, ব্যাপারটা হচ্ছে খেলা। জয়-পরাজয় থাকবেই। জয়ে উদ্ভাসিত হওয়ার জো যেমন হয়, তেমনি পরাজয় মেনে নেওয়ারও মাহাত্ম্য থাকতে হয়। খেলার মাঠের দর্শক এবং রাস্তার ও ঘরের টিভির দর্শককে বললাম ওপরের কথাটি। আজকের খেলার পরও বাংলাদেশে আরও দুটি ম্যাচ আছে কোয়ার্টার ফাইনালের। দেশের মর্যাদা এবং আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ— সবকিছু সুবিবেচনার মধ্যে রাখতে হবে সবাইকে। আবেগকে যুক্তি দিয়ে সংবরণ করতে হবে। তা না হলে আমও যাবে, ছালাও যাবে।আমার এক ক্রিকেট-বোদ্ধা বন্ধুর অভিমত, ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের কাছে হেরে যাওয়ায় আসলে বাংলাদেশের জন্য ভালোই হয়েছে। বাংলাদেশকে অলআউট খেলতে হবে। যেহেতু দক্ষিণ আফ্রিকা, হারানো যাবে এমন একটি টিম, ফলে বাংলাদেশ জিতে গেলে কোয়ার্টার ফাইনালের জন্য বিরাট পুঁজি হবে। তাঁর মতে, দক্ষিণ আফ্রিকার মধ্যে লম্বা ব্যাটিং লাইনআপ নেই। জে পি ডুমিনির পর তাদের ব্যাটিং লাইনআপ শেষ। তবে দক্ষিণ আফ্রিকার শক্তিশালী বোলিং অ্যাটাক আছে। ডেল স্টেইন আর মরকেলের গোলার ঘা প্রথম ১০ ওভার যদি ইমরুলরা কাটিয়ে দিতে পারেন, তাহলে বল নরম হয়ে আসার পর বলের গতি কমে গেলে তাঁরা স্বচ্ছন্দে খেলতে পারবেন।ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটা খেয়াল করলে দেখা যায়, একটা ম্যাচের প্রতি ভুল অ্যাপ্রোচ নিলে কী মাশুল দিতে হতে পারে। গেইল এমন মার দিলেন, প্রথম ছয় ওভারে তাঁদের রান হয়ে গেল ৫০। কিন্তু গেইল আউট হয়ে গেলেন। দলকে প্রায় সমুদ্রসমান বিপদের মধ্যে ফেলে। ২৪৪ রান করা ৫০ ওভারে কোনো ব্যাপার না। তাই বলে ৬ ওভারে ৫০ তুলে আউট হয়ে পার্টনারশিপ ভেঙে দেওয়া কোনো কাজের কাজ নয়। দল বিপর্যস্ত হয়ে পড়ে। পরশুর খেলায় তারই প্রমাণ দেখলাম। অথচ শ্রীলঙ্কার জয়সুরিয়া এবং অস্ট্রেলিয়ার গিলক্রিস্ট গেইলের চেয়ে কম মারুয়া ছিলেন না। এখনকার শেবাগও কম মারেন না। কিন্তু এঁরা কখনো সস্তা আউট হতেন না বা হন না। আর টেন্ডুলকারকেও যদি বিবেচনায় আনি, দেখব যে তাঁর খেলার ধরনটা সবচেয়ে অনুসরণযোগ্য। টেন্ডুলকারের বিগ হিট কম থাকে না, কিন্তু যেটা তাঁর ইনিংসের বৈশিষ্ট্য সেটা হলো তাঁকে কখনো কোনো ধরনের বলের বিপক্ষে ভালনারেবল বা আতঙ্কগ্রস্ত মনে হয় না। স্টেইনের ঝোড়ো গতির বলকে যেভাবে সামলান, ঠিক তেমনি ইমরান তাহিরের ঘূর্ণি অবলীলায় এদিক-সেদিক পাঠিয়ে দেন। আজহারউদ্দিনের স্পিন খেলার কৌশলটা মনে পড়ছে। তিনি কখনো স্পিন বলকে ব্যাক ফুটে দাঁড়িয়ে শুধু ঠেকা দিতেন না। যেটা ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়েরা সোয়ান এবং ট্রেডওয়েলের বলকে করতে চেয়ে মরেছেন। আজহারউদ্দিন সব সময় স্পিনকে অফ ড্রাইভ, অন ড্রাইভ বা ফাইন লেগেও ড্রাইভ করে দিতে পারতেন। শুধু ব্যাক ফুটে দাঁড়িয়ে থেকে স্পিন ঠেকাতে গেলে ব্যাটসম্যানের কবর রচনা হয় বলে আমার ধারণা।যাক, গেইলের পর ড্যারেন সামিও মারতে লাগলেন ছয়। নতুন খেলোয়াড় রাসেলও বেশ কয়েকটা ছয় মারলেন। কিন্তু এতগুলো ছয় একত্র করেও ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ডের কাছে হেরে গেল। সারওয়ান অনেক চেষ্টা করেও দুর্ঘটা রক্ষা করতে পারলেন না। এক দিনের ক্রিকেট টি-টোয়েন্টি নয়। পার্থক্যটা মাথায় রাখতে হবে।এক দিনের ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ১৮ থেকে ৩০ নম্বর ওভার। যখন রানের গতি হয়ে পড়ে মন্থর, কিন্তু উইকেট বাঁচিয়ে রাখতে হয়। এ সময়টি সবচেয়ে ভালো খেলতেন শ্রীলঙ্কার অর্জুনা রানাতুঙ্গা। তিনি সঙ্গী খেলোয়াড়টি নিয়ে এক-দুই, এক-দুই করে রান নিয়ে ৩০ ওভারে যেয়ে দলকে একটি বিস্তৃত জমি তৈরি করে দিতেন। সামান্য হলেও এ ভূমিকা বাংলাদেশের হয়ে অনেক দিন পালন করেছিলেন খালেদ মাসুদ।আজকে মুশফিককে সে ভূমিকা পালন করার আহ্বান জানাই। তাঁর ব্যাটিং সেন্স খুব ভালো। একটু দাঁড়িয়ে গেলে পারবেন। দেখা যাক।