
ওরা সংখ্যায় অনেক। কিন্তু আমার আছে হাতের পাঁচটা আঙুল...।
পাঁচ আঙুলের কাহিনি পরে বলব। আগে ব্রাজিলের সঙ্গে আমার সম্পর্কটা বলি। পারিবারিকভাবেই আমি ব্রাজিলের অন্ধ সমর্থক। ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের বাসার সবাই ব্রাজিল। আব্বু ব্রাজিলকে সমর্থন করতেন, ভাইয়াও। আমিও যখন ফুটবল খেলাটা একটু-আধটু বুঝতে শুরু করি, ব্রাজিল সমর্থক হয়ে গেলাম। রোনালদো নামটা তখন খুবই জনপ্রিয়। আমারও সবচেয়ে প্রিয় খেলোয়াড় তিনি। আমি যে ব্রাজিলের সমর্থক, সেটার কারণ ওই রোনালদোই।
বিশ্বকাপের সময় আব্বু বড় টিভি কিনতেন। চট্টগ্রামে আমাদের আগের বাসার লিভিং রুমটাও অনেক বড় ছিল। পরিবারের লোকজন তো আছেই, এলাকার মানুষও খেলা দেখতে আসত বাসায়। ৫০-৬০ জন একসঙ্গে বসে খেলা দেখা হতো। ব্রাজিলের খেলা হলে তো বাসায় রীতিমতো উৎসব! চাচারা বাজি কিনে আনতেন। গোল হলেই ঠুস-ঠাস বাজি ফুটত। ছোট ছিলাম তো, খুব উপভোগ করতাম এসব।
চট্টগ্রাম যাই না তিন মাস হয়ে গেছে। তবে আমি নিশ্চিত বাসায় ব্রাজিলের পতাকা উঠে গেছে আরও আগেই। একসময় অনেক বড় বড় পতাকা লাগাতাম বাসায়। কাপড় কিনে আনো, পতাকা সেলাই করো—একটা হুলুস্থুল ব্যাপার। যে ব্রাজিল আমার শৈশব-কৈশোরের সঙ্গে এভাবে মিশে আছে, তাদের বিপক্ষে যত বড় দলই থাকুক, আমার আছে পাঁচটা আঙুল।
বিষয়টা এবার খুলেই বলি। আমাদের ক্রিকেটারদের মধ্যে ব্রাজিলের সমর্থক বলতে আমি, রুবেল হোসেন আর মোহাম্মদ মিঠুন। দু-একজন আছে ‘ইউনিক’। তাদের কেউ ইংল্যান্ডের সমর্থক, কেউ স্পেনের। মুশফিক ভাই যেমন ইংল্যান্ডের। ইমরান স্যারও আগে ইংল্যান্ড সমর্থন করতেন, এখন নাকি স্পেন!
বাকি সবাই আর্জেন্টিনা বলতে অজ্ঞান। বুঝতেই পারছেন আমার অবস্থা খুব খারাপ। বিশ্বকাপে ভীষণ বিপদে থাকব। টেনশনে থাকব। থাকব কী, বিশ্বকাপের আগে থেকেই শুরু হয়ে গেছে খোঁচাখঁুচি। তো এই ‘আর্জেন্টাইন’দের সঙ্গে কথা বলতে গেলে আমি খালি পাঁচ আঙুল দেখাই। পাঁচটা আঙুল মানে পাঁচবার চ্যাম্পিয়ন। ওদের কমপক্ষে ১৬ বছর লাগবে আমাদের ওপরে যেতে, ১২ বছর লাগবে আমাদের সমান হতে। তাই পাঁচ আঙুলই আমার শক্তি। আর আর্জেন্টিনা সমর্থকদের সবচেয়ে বড় স্বস্তি, তাদের এবার ব্রাজিলের সামনে পড়তে হবে না। গ্রুপপর্বে তো না-ই, এর পরও না। কারণ আমার মনে হয় না, ওরা এবার কোয়ার্টার ফাইনালেও যেতে পারবে।
ব্রাজিলের একটা বিশাল সুবিধা হলো, তারা এবার নিজেদের মাঠে খেলবে। দলে ছয়-সাতজন ভালো খেলোয়াড় আছে, যারা বিশ্বের বড় বড় ক্লাবে খেলে। ওসব দলের সেরা পারফরমারও তারাই। নেইমার বলেন, থিয়াগো বলেন—সব মিলিয়ে আমার কাছে মনে হয় ব্রাজিল দারুণ একটা ভারসাম্যপূর্ণ দল। সবচেয়ে বড় কথা, ব্রাজিল কারও একার ওপর নির্ভর করে বিশ্বকাপ খেলবে না। এ কারণেই আমি বেশি আশাবাদী। সাত-আটজন আছে সমান সমান, খুব ভালো খেলোয়াড়। ক্রিকেটের মতো ফুটবলটাও তো আসলে টিম স্পোর্ট। দল হিসেবে ভালো খেললে সুযোগটা বেড়ে যায়।

তা ছাড়া ব্রাজিলের খেলা দেখায় অন্য রকম একটা আনন্দ আছে। ওরা যে ধরনের ফুটবল খেলে, দেখতেও ভালো লাগে। অনেক ভালো দলই আছে। কিন্তু ব্রাজিলের খেলার ধরনটাই আলাদা। আমি ব্রাজিলকে সব সময় তুলনা করি ক্রিকেটের ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজ যেমন খেলাটা উপভোগ করে। দর্শক বলেন, খেলোয়াড় বলেন—এমন একেকটা কাণ্ড করে যেগুলো দেখে মানুষ মজা পায়। ফুটবলে ব্রাজিলও একই রকম। ওদের দর্শকেরাও সারাক্ষণ খেলাটা উপভোগ করতে থাকে। ফুটবলে ওরা এমন এমন কাণ্ড করে, দেখে মজাই লাগে। হাসি আসে। উদ্যাপনগুলো হয় একদমই আলাদা।
ব্রাজিলের সমর্থক হওয়ার একটাই অসুবিধা, মেসি না রোনালদো, এই বিতর্কের কোনো দিকেই থাকা যায় না। কিন্তু একজনের পক্ষে তো থাকতেই হবে। আমি তাই আছি ক্রিস্টিয়ানো রোনালদোর পক্ষে। এই মুহূর্তে সে-ই আমার সবচেয়ে প্রিয় খেলোয়াড়। আমি চাই ব্রাজিল বিশ্বকাপ জিতুক, আর রোনালদো গোল্ডেন বুট পাক। ওর খেলা আমার খুবই পছন্দ, আর আমি রিয়াল মাদ্রিদেরও খুব বড় ভক্ত। আরেকটা কথা স্পষ্ট বলে রাখি, আমি মেসিকে একদমই পছন্দ করি না। ওকে আমার ভালোই লাগে না। কারও চোখে মেসিই বিশ্বের সেরা খেলোয়াড় হতে পারে, কিন্তু আমার কাছে রোনালদোই সেরা।
আমার বিশ্বাস, বিশ্বকাপে রোনালদোর মতো ব্রাজিলও আমাকে হতাশ করবে না। আর যদি কোনো কারণে খারাপও করে, তাতে কী? আমি ব্রাজিলেই বুঁদ হয়ে থাকব।
মনে মনে অবশ্য একটা অপেক্ষায় আছি। আগামী বিশ্বকাপে কারও সঙ্গে তর্ক হলে পাঁচ আঙুল না, ছয় আঙুল দেখিয়ে দেওয়ার অপেক্ষা।