আমার ও পরিবারের বড় জয়: যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মরণব্যাধি ক্যানসার ধরা পড়ার পর অনেকেই যুবরাজ সিংয়ের ক্রিকেট ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন। কিন্তু তা হয়নি। যুবরাজ ক্যানসার জয় করেছেন। দ্রুত অনুশীলনে ফিরেছেন। গতকাল শুক্রবার জায়গা করে নিয়েছেন ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও। দলে ফেরার খবরটা শুনে তাই চোখের জল ধরে রাখতে পারেননি ভারতের এই ‘ড্যাশিং’ ব্যাটসম্যান। টাইমস অব ইন্ডিয়ার খবরে এ কথা বলা হয়েছে।‘এটা আমার কাছে খুব আবেগপূর্ণ মুহূর্ত। খুব অনুপ্রেরণা পাচ্ছি। ভারতের হয়ে খেলার সব সময় স্বপ্ন ছিল। আমার ওপর আবারও আস্থা রাখায় ভারতীয় ক্রিকেট বোর্ড ও নির্বাচকদের প্রতি আমি কৃতজ্ঞ।’ দলে ফেরার প্রতিক্রিয়ায় বলেন যুবরাজ।যুবরাজ বলেন, ‘যে দিন ক্যানসার ধরা পড়ল, নিজে নিজে বলেছিলাম, আবারও ভারতীয় দলে ফিরে আসব। এটা আমার ও আমার পরিবারের বড় জয়, বিশেষ করে আমার মায়ের। আমার প্রেরণার মূলে ছিলেন তিনি। এই দিনটা আমার পরিবার ও বন্ধুদের সঙ্গে উদ্যাপন করব আমি। সতীর্থদের বেশ কিছু ফোন কলও পেয়েছি। এটা সত্যি অসাধারণ অনুভূতি।’ ছেলের ভারতীয় দলে ফিরে আসার খবর শুনে মা শবনম সিংয়ের প্রতিক্রিয়া, ‘আমি অভিভূত।’আগামী মাসে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের সম্ভাবনা প্রশ্নে যুবরাজ বলেন, ‘খাতাকলমে আমরা বেশ শক্তিশালী দল। শেষ চারে না ওঠার কোনো কারণ দেখছি না আমি। তবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক শ্রীলঙ্কার মতো ভালো দলও রয়েছে।’ গত বছর অনুষ্ঠিত বিশ্বকাপের সেরা খেলোয়াড় ছিলেন যুবরাজ। বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক মাস পরই তাঁর ফুসফুসে টিউমার ধরা পড়ে । প্রথম দিকে বলা হচ্ছিল, সেই টিউমার ক্যানসার নয়। শেষ পর্যন্ত টিউমারকে ম্যালিগন্যান্ট, অর্থাত্ ক্যানসার হিসেবে চিহ্নিত করেন চিকিত্সকেরা। যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে গত মার্চ মাসের মাঝামাঝিতে কেমোথেরাপির তৃতীয় পর্যায় শেষ হয় যুবরাজের। হাসপাতাল থেকে ছাড়া পেলেও চিকিত্সকের পরামর্শে বেশ কিছু দিন লন্ডনে ছিলেন তিনি। যুবরাজ দেশে ফেরেন গত ৯ এপ্রিল।পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে বর্তমানে জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) অনুশীলন চালিয়ে যাচ্ছেন যুবরাজ। গত জুন মাসের শেষের দিকে এনসিএতে কিছুক্ষণ ব্যাট করার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘বেশ ভালো বোধ করছি। আমি নিশ্চিত, ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠব। আমার লক্ষ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ। আশা করছি, এর আগেই মাঠে ফিরতে পারব।’সামাজিক যোগাযোগের ওয়েবসাইট টুইটারে দেওয়া এক বার্তায় একই কথা জানিয়ে ৩০ বছর বয়সী যুবরাজ লেখেন, ‘এনসিএতে দারুণ সময় কাটল। প্রায় ছয় মাস পর ব্যাট করতে পেরে ভালো লাগছে। লক্ষ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপ। দেখা যাক, কী হয়।’ যুবরাজের বক্তব্য শুনে দ্রুতই তাঁকে আশার বাণী শোনান ভারতীয় দলের প্রধান নির্বাচক কৃষ্ণমাচারি শ্রীকান্ত। তিনি বলেন, ‘আমি মনে করি, যে ছেলেটা আমাদের জন্য বিশ্বকাপ জয় করেছে, দলে ফেরাটা ওর প্রাপ্য। আমি নিশ্চিত, যুবরাজ ফিরে আসবে। দ্রুত অনুশীলনে নামা ওর ইতিবাচক মানসিকতার প্রমাণ দেয়। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওকে দেখার অপেক্ষায় আছি আমরা।’