আমার জন্য কেঁদো না: আর্মস্ট্রং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন গত পরশু। ল্যান্স আর্মস্ট্রং ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্রের অ্যান্টি ডোপিং এজেন্সির (ইউএসএডিএ) আনা ডোপিংয়ের অভিযোগের বিরুদ্ধে তিনি আর লড়বেন না। ইউএসএডিএ জানিয়ে দিয়েছে, ১৯৯৮ সালের পর থেকে আর্মস্ট্রংয়ের জেতা সাতটি ‘ট্যুর ডি ফ্রান্স’ শিরোপা কেড়ে নেওয়া হবে। প্রতিযোগিতামূলক সাইক্লিংয়ে আজীবন নিষিদ্ধ করা হবে তাঁকে।ইউএসএডিএর এই সিদ্ধান্তে আর্মস্ট্রং স্বাভাবিকভাবেই মর্মাহত। মর্মাহত তাঁর ভক্তরাও। তবে এ ঘটনায় ভক্তদের ভেঙে না পড়ার অনুরোধ জানিয়েছেন মরণব্যাধি ক্যানসারকে পরাজিত করে রেকর্ড সাতবার সাইক্লিংয়ের সবচেয়ে মর্যাদার আসর ‘ট্যুর ডি ফ্রান্স’ শিরোপা জেতা আর্মস্ট্রং। ‘আমার জন্য কেঁদো না। আমি কিংবদন্তি হতে চলেছি। আমার পাঁচটি সন্তান রয়েছে। জীবনচলার পথে অসাধারণ এক নারীকে পেয়েছি। আমার গড়া ক্যানসার ফাউন্ডেশন এখনো অক্ষত আছে। এ পর্যন্ত আসতে পারাটাই দারুণ। এগিয়ে চলার মতো অনেক কিছুই আমার রয়েছে।’ সাংবাদিকদের বলেছেন আর্মস্ট্রং।ইউএসএডিএর বিরুদ্ধে লড়াই থেকে সরে আসার ঘোষণা দেওয়ার পর গতকালই প্রথম জনসম্মুখে আসেন আর্মস্ট্রং। যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে একটি প্রতিযোগিতায় অংশও নেন। তবে প্রথম হতে পারেননি। তাঁকে পেছনে ফেলে প্রথম হন ১৬ বছর বয়সী এক রাইডার। প্রতিযোগিতা শেষে সাংবাদিকদের ৪০ বছর বয়সী আর্মস্ট্রং বলেন, ‘রেসিং নিয়ে শঙ্কিত নই আমি। ফিট থাকতে পারাটাই গুরুত্বপূর্ণ। দারুণ একটা দিন কাটালাম।’অতীতে অনেকবারই আর্মস্ট্রংয়ের বিরুদ্ধে ডোপ নেওয়ার অভিযোগ উঠেছে। ২০০৯ ও ২০১০ সালে তাঁর রক্তের নমুনা ও অন্য সাইক্লিস্টদের দেওয়া তথ্যের ভিত্তিতে সর্বশেষ গত জুনে তাঁর বিরুদ্ধে ডোপ নেওয়ার অভিযোগ আনে ইউএসএডিএ। আর্মস্ট্রং তখন থেকে সব অভিযোগ অস্বীকার করে আসছিলেন। তাঁকে ডোপ নিতে প্ররোচনা দেওয়ার দায়ে তিনজনকে এরই মধ্যে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আর্মস্ট্রংয়ের বিষয়টা ঝুলে ছিল। কারণ, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আদালতে মামলা ঠুকে দেন তিনি। সোমবার ইউএসএডিএর বিরুদ্ধে করা মামলাটি খারিজ করে দেন যুক্তরাষ্ট্রের ফেডারেল আদালত। অভিযোগ খণ্ডনে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে যেতে পারতেন আর্মস্ট্রং। কিন্তু যাননি, সরে দাঁড়িয়েছেন লড়াই থেকে। রয়টার্স।