আমার জীবনের সবচেয়ে বাজে সিরিজ: সাঙ্গাকারা
যদি প্রশ্ন করা হয়, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচের টেস্ট সিরিজের সেরা খেলোয়াড় কে? উত্তর খুঁজতে গোটা সিরিজে খেলোয়াড়দের পারফরম্যান্স মূল্যায়ন করার দরকার নেই। উত্তরটা একেবারে সহজ—বৃষ্টি!গল, কলম্বোর পর আজ সমাপ্ত পাল্লেকেলে টেস্টের ভাগ্যও নির্ধারণ করে দিয়েছে বৃষ্টি। সিরিজের সেরা খেলোয়াড়ের কৃতিত্ব বৃষ্টিকে না দিয়ে কাকে দেবেন আপনি! ব্যাটে-বলের খেলা নয়, পুরো সিরিজে হয়েছে বৃষ্টির খেলা। তাইতো এ সিরিজকে জীবনের সবচেয়ে বাজে সিরিজ বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা।বিরক্ত হবেনই বা না কেন সাঙ্গাকারা? শেষ টেস্টের কথাই ভাবুন। পাঁচ দিনে খেলা হয়েছে মাত্র ১০৩.৩ ওভার। প্রথম দিন ব্যাটিংয়ে নেমেছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই ব্যাটিং শেষ হয়নি খেলা শেষ হওয়া পর্যন্তও!সাঙ্গাকারা ক্রিকইনফোকে বলেন, ‘এ রকম কখনোই হয়নি। এত দীর্ঘ সময় ধরে চলা বৃষ্টি কখনো দেখিনি। পুরো সিরিজই ছিল হতাশার। এটা আমার জীবনের সবচেয়ে বাজে সিরিজ।’