আমার টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যায়নি: রাজ্জাক
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে না নেওয়ার প্রতিবাদে ২০০৭ সালের ২০ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন আবদুল রাজ্জাক। অবসর ভাঙতে বেশি দিন সময়ও নেননি পাকিস্তানের এই বোলার, ফিরে এসেছিলেন মাত্র দুই মাস পর। ফিরে এসে পাকিস্তানের হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেনে। কিন্তু টেস্ট ম্যাচে খেলার সুযোগ হয়নি, সর্বশেষ টেস্ট খেলেছেন ২০০৬ সালে। অনেকের বিশ্বাস, রাজ্জাকের টেস্ট ক্যারিয়ার অনেক আগেই শেষ হয়ে গেছে। তবে এখনো নিজের টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যায়নি বলে বিশ্বাস করেন পাকিস্তানের এই অল রাউন্ডার।টেস্ট ক্যারিয়ার প্রশ্নে পাক-প্যাশন ডট নেটকে রাজ্জাক বলেন, ‘আমি বিশ্বাস করি না যে আমার টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে গেছে। এটা ঠিক, প্রায় সাড়ে তিন বছর আমাকে টেস্ট ক্রিকেটে দেখা যায়নি। আমার টেস্ট ক্যারিয়ার শেষ হয়ে যায়নি, প্রয়োজন হলেই আমি ফিরতে প্রস্তুত। অবশ্য সবকিছু নির্ভর করছে নির্বাচকদের ওপর।’বর্তমানে ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে খেলছেন রাজ্জাক। এই অল রাউন্ডার মনে করেন, পাকিস্তানের ইংল্যান্ড সফরের টেস্ট দলেই তাঁকে দলে আনতে পারতেন নির্বাচকেরা। ইংল্যান্ডে খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে পাকিস্তান দলকে সহায়তাও করতে পারতেন। রাজ্জাক বলেন, ‘আমাকে টেস্ট দলে আনতে পারতেন নির্বাচকেরা। সুযোগ পেলে ইংল্যান্ডের কন্ডিশনে আমি বেশ কার্যকর ভূমিকা রাখতে পারতাম।’—ক্রিকইনফো