আমার বক্তব্য ভুলভাবে উপস্থাপিত, আফ্রিদির প্রতিক্রিয়া
‘আমি যদি সত্য বলি, তাদের (ভারতীয়দের) মন কখনোই মুসলমান এবং পাকিস্তানিদের মতো বড় নয়। আমি মনে করি না, তাদের মনটা বড় ও পরিষ্কার, যেমনটা আল্লাহ আমাদের দিয়েছেন।’ পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেলের আলোচনায় ভারতীয়দের নিয়ে এমন মন্তব্যই তো করেছিলেন পাকিস্তানি অধিনায়ক শহীদ আফ্রিদি।আফ্রিদির এ বক্তব্য বিভিন্ন সংবাদমাধ্যমের কল্যাণে ব্যাপক সমালোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই তাঁকে সাম্প্রদায়িক ও পাকিস্তান-ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্কের বিরোধী হিসেবে আখ্যায়িত করেছে। তবে একদিন পরেই আফ্রিদি তাঁর এ বক্তব্য অস্বীকার করে বলেছেন, ‘গণমাধ্যমগুলো সব সময় কথা-বার্তা উল্টো করে প্রচার করতে ভালোবাসে। আমার বক্তব্যের একটা উল্টো অর্থ বের করে তা প্রচার করা হচ্ছে। পুরো অপ্রাসঙ্গিক কিছু কথা তুলে ধরে, এ নিয়ে বাজার গরম করা হচ্ছে।’আফ্রিদি আরও বলেন, ‘আমি সব সময়ই ভারতে খেলতে পছন্দ করি। ভারতীয়দের আমি প্রচণ্ড ভালোবাসি। অতীতে অনেকবারই ভারতে খেলতে গিয়ে ভারতীয় সমর্থকদের ভালোবাসায় আপ্লুত হয়েছি।’ আফ্রিদির মুখে উল্টো সুর।আফ্রিদি অযথা অপ্রাসঙ্গিক ইস্যুকে ইস্যু বানিয়ে মাঠ গরম করার নীতি থেকে গণমাধ্যমগুলোকে সরে আসার তাগিদ দেন। তিনি বলেন, ‘গণমাধ্যমের উচিত আরও পজিটিভ হওয়া।’এদিকে আফ্রিদির একজন ঘনিষ্ঠ বন্ধু ভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়াকে বলেছেন, ‘আসলেই মিডিয়া আফ্রিদির বক্তব্য একেবারে অন্যভাবে প্রচার করেছে। সেই টেলিভিশন আলোচনায় আফ্রিদিকে এ ব্যাপারে প্রশ্ন করা হয়েছিল গৌতম গম্ভীরের একটি বক্তব্যকে সামনে নিয়ে এসে। গম্ভীর ভারতীয় দলের বিশ্বকাপ জয়কে ২০০৮ সালের মুম্বাই হামলায় নিহতের উদ্দেশ্যে উত্সর্গ করে বক্তব্য রেখেছিলেন।সেই ঘনিষ্ঠ বন্ধু আরও বলেন, যখন পাকিস্তানিরা অনেক বিষয়ে ভারতীয়দের প্রতি উদার দৃষ্টিভঙ্গি পোষণ করে, সেখানে ভারতে হয় তার ঠিক উল্টোটা। ভারতের মিডিয়া অযথাই পাকিস্তানিদের নিয়ে খারাপ প্রচারণা পছন্দ করে। আফ্রিদি এ কথাটিই তুলে ধরতে চেয়েছেন। এখানে সে একটি শব্দ উচ্চারণ করেছে, তা হলো ‘সংকীর্ণ’। এর মানে এ নয় যে ভারতীয়রা সংকীর্ণ।সেই বন্ধু আরও বলেন, গৌতম গম্ভীরের এমন মন্তব্য হতাশাজনক। আফ্রিদি সব সময়ই বিশ্বাস করেন, রাজনীতি ও খেলাধুলা—দুটোই ভিন্ন জিনিস এবং দুটোরই যাত্রাপথ সম্পূর্ণ আলাদা।