আমার মনে হয় পাকিস্তান...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজকের ম্যাচে আমার বাজি পাকিস্তান। প্রথম কারণ মোহালির উইকেট। ২০০৬ চ্যাম্পিয়নস ট্রফিতে এ মাঠে আমরা শ্রীলঙ্কার বিপক্ষে একটা ম্যাচ খেলেছিলাম। এখানকার উইকেটে বাউন্স একটু বেশি। আর বাউন্স থাকলে পাকিস্তান তো একটু সাহায্য পাবেই।পাকিস্তান জিতবে বলার আরেকটা কারণ শোয়েব আখতার। আমার মনে হয় আজ শোয়েবকে ওরা খেলাবে। ওয়াহাব রিয়াজের চেয়ে শোয়েবই ভালো হবে এ ম্যাচে। এ ছাড়া আফ্রিদিও দারুণ ফর্মে। ব্যাটসম্যান আফ্রিদিকে আমি সব সময়ই বোনাস ভাবি, সে হিসেবে আফ্রিদির দিকে অতটা তাকিয়ে থাকব না। তবে আফ্রিদি আজও ভালো বোলিং করবে।কামরান আকমলকে দিয়ে ইনিংস শুরু করানোর সিদ্ধান্তটা খুবই ভালো। ভারতের বিপক্ষে তারও অনেক বড় ভূমিকা থাকবে মনে হচ্ছে। আর ইউনুস খান তো একটা ৭০ মারবেই। ভারতকে পেলেই সে রান করে। ইউনুস-কামরানের সঙ্গে উমর আকমলের কথাও বলব। এই তিন ব্যাটসম্যানের কেউই দেখবেন আজ হুমকি হয়ে দাঁড়াচ্ছে ভারতের সামনে। বোলারদের মধ্যে উমর গুল। বিশ্বকাপে খুবই ধারাবাহিক তার পারফরম্যান্স। আমি নিজেও একজন পেস বোলার। আমি জানি, বোলার যখন ধারাবাহিক পারফরম করতে থাকে, সামনে যেই আসুক তার কাছে কোনো ব্যাপারই মনে হয় না। এটা অভ্যাসের, আত্মবিশ্বাসের ব্যাপার। গুল এখন সেই অবস্থায় আছে। তার কাছে সবই সহজ মনে হবে।নিজেদের মাঠে খেলা। ভারতের ১১ খেলোয়াড়ের সঙ্গে যোগ হবে গ্যালারি-ভর্তি দর্শকও। কিন্তু ভারত, পাকিস্তান এবং বাংলাদেশেও দর্শকদের চেহারা বদলাতে সময় লাগে না। পান থেকে চুন খসলেই তারা পাল্টে যায়। আজ যদি ভারত সে রকম কোনো পরিস্থিতিতে পড়ে, পাঁচ মিনিটের মধ্যেই দেখবেন পরিচিত দর্শকেরা কত অপরিচিত! সেই চাপ সামলানো সহজ হবে না ধোনির দলের পক্ষে। ভারত-পাকিস্তান ম্যাচ সব সময়ই স্নায়ুর খেলা। আজও স্নায়ুচাপ থাকবে দুই দলের ওপরই। যে দল শুরুতেই পিছিয়ে পড়বে, তাদের জন্য কঠিন হবে ফিরে আসা।পাকিস্তানের চাপমুক্ত থাকার আরেকটা কারণ, তারা এবার বিশ্বকাপে এসেছে আন্ডারডগ হয়ে। বিশ্বকাপের আগে কেউ ভাবেওনি, পাকিস্তান সেমিফাইনাল পর্যন্ত উঠে আসবে। দলটাকে নিয়ে কম বিতর্ক হয়নি। সেরা তিন খেলোয়াড় নিষিদ্ধ হলো। বিশ্বকাপের দলে যারা আছে, তাদের অনেকেই ছিল সন্দেহের তালিকায়। সেই কামরান আকমল, ওয়াহাব রিয়াজ...এদের নিয়েই খেলছে পাকিস্তান। ইউনুস খানকে নিয়েও কথা হয়েছে। দলের মধ্যে এমন একটা পরিস্থিতি, সব খেলোয়াড়ের মনেই সন্দেহ, আমি আবার কোথাও কিছু করিনি তো!মাঠের বাইরে যাদের এমন অবস্থা, কে ভেবেছিল তারা এত ভালো খেলে বিশ্বকাপের সেমিফাইনালে উঠবে? তার ওপর বিশ্বকাপটা নিজেদের মাঠে খেলতে পারছে না। কে জানে, এটাও হয়তো তাদের পক্ষে গেছে। মানুষের সহানুভূতি পাচ্ছে। পাকিস্তানের ওপর আর চাপ কী? চাপ তো ভারতের!