আমার রেকর্ডটি ক্লোসা ভাঙলেই বরং খুশি হতাম: রোনালদো
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার আসনটিতে আরও অন্তত অনেক দিনই নিশ্চিন্তে থাকতে পারবেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা রোনালদো। তিন বিশ্বকাপ মিলে রোনালদোর নিজের করা ১৫ গোলের রেকর্ডটি ছুঁয়েও ছুঁতে পারলেন না জার্মান স্ট্রাইকার মিরোস্লাভ ক্লোসা। ১৪ গোল করেই বিশ্বকাপের ইতি টানতে হল ক্লোসাকে। গতকাল উরুগুয়ের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্লোসা খেলতে পারেননি ইনজুরির কারণে। এই ম্যাচটিতে খেলতে পারলে হয়তো রোনালদোর রেকর্ড স্পর্শ করার একটা চেষ্টা চালাতেন। হয়তো করেও ফেলতেন তিনি বিশ্বকাপ ইতিহাসে একক খেলোয়াড় হিসেবে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডটি। সর্বোচ্চ গোলদাতা হওয়ার স্বপ্ন অপূর্ণই থেকে গেল এই জার্মান স্ট্রাইকারের।এবারের বিশ্বকাপে একের পর এক গোল করে মিরোস্লাভ ক্লোসা যখন রোনালদোকে ছুঁয়ে ফেলতে উদ্যত, তখন ব্যক্তি রোনালদো কি একটু দুশ্চিন্তায় ছিলেন? এমন প্রশ্ন উড়িয়ে দিয়ে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা এই স্ট্রাইকার বলেছেন, ‘আমি এটা নিয়ে কোনো দুশ্চিন্তা তো করিইনি বরং খুশি হতাম যদি ক্লোসা রেকর্ডটাকে ছুঁতে পারত।’ বিশ্বকাপে ১৪ গোল করার পরপরই নাকি ক্লোসাকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন রোনালদো। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ক্লোসা খেলতে না পারায় মনটা বেশ খারাপই হয়েছে রোনালদোর। তিনি জানিয়েছেন, ‘দুঃখ পেলাম। দুর্ভাগ্যজনক এক ইনজুরি ক্লোসাকে উরুগুয়ের বিপক্ষে স্থান নির্ধারণী খেলায় খেলতে দিল না। সে খেললে নিশ্চয়ই আমার ১৫ গোলের রেকর্ডটি ছুঁয়ে ফেলত। হয়তো আমাকেও সে পেছনে ফেলে দিতে পারত।’এর পরই রোনালদো মনে করিয়ে দিয়েছেন সেই অমিয় বাণী। বলেছেন, ‘আমি এই রেকর্ডটি গড়েছি। একদিন না একদিন নিশ্চয়ই কেউ এটি ভেঙে ফেলবে। রেকর্ড করাই হয় ভাঙার জন্য।’ সকারনেট